দীপাবলী শেষ হতে না হতেই দূষণ মাত্রা পার করেছে রাজধানী দিল্লিতে । প্রতিবছরই চোখে পড়ে এই ছবি । দূষণ নিয়ন্ত্রণে পূর্বে গাড়ির জোড়-বিজোড় নীতি মেনে হতো । পাশাপাশি জল স্প্রে-র মতো নানান কর্মসূচি নেওয়া হতো। ল তবে এবার দিল্লিতে কৃত্রিম বৃষ্টি হতে চলেছে ! উল্লেখ্য পূর্বে , বহুবার কৃত্রিম বৃষ্টি করানোর উদ্যোগ নেওয়া হয়েছে , তবে এবার প্রথমবার তার বাস্তবায়ন হতে চলেছে । জানা গিয়েছে আগামী সপ্তাহেই সম্ভাবনা রয়েছে এই কৃত্রিম বৃষ্টি করানোর।
কিন্তু কৃত্রিম বৃষ্টি ! তা কিভাবে সম্ভব ? ক্লাউড সিডিংয়ের মাধ্যমে হবে এই কৃত্রিম বৃষ্টি । যদি আবহাওয়া অনুকূল থাকে , তাহলে আগামী সপ্তাহেই তা সম্ভব হতে পারে । জানা গিয়েছে, দিল্লিতে ট্রায়াল ক্লাউড সিডিং পাঠানো হবে আইআইটি কানপুর থেকে ।
পরিবেশমন্ত্রীর তরফে জানানো হয়েছে , ৩.২১ কোটি টাকার এই উদ্যোগে, দিল্লিতে কৃত্রিম বৃষ্টি হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। উত্তর-পশ্চিম দিল্লি ও দিল্লির পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে ওড়ানো হবে একটি বিশেষ বিমান । ওই বিমানের মাধ্যমে জলীয় বাষ্প পূর্ণ মেঘের উপরে সিলভার আয়োডিনের ন্যানোপার্টিকেল, আয়োডাইজ়ড নুন ও রক সল্টের মিশ্রণ ছড়িয়ে দেওয়া হবে , যার জেরে মেঘে জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে , কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করবে ।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়া দফতরের তরফে ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। যদি সব পরিস্থিতি কৃত্রিম বৃষ্টি করানোর অনুকূলে থাকে, তাহলে ২৯ অক্টোবর কৃত্রিম বৃষ্টি করানোর ব্যবস্থা করা হতে পারে ।







