শিশুর বারবার হাঁপিয়ে যাওয়া, ঠিকমতো ওজন না বাড়া কিংবা ঘুমের মধ্যে অস্বাভাবিক ঘাম—এসবকে অনেক সময় সাধারণ দুর্বলতা বলে এড়িয়ে যান অভিভাবকেরা। কিন্তু কিছু ক্ষেত্রে এই লক্ষণগুলি হৃদ্যন্ত্রের সমস্যার ইঙ্গিতও হতে পারে। জন্মগত হৃদ্যন্ত্রের ত্রুটি থেকে শুরু করে পরবর্তী সময়ে তৈরি হওয়া বিভিন্ন সমস্যায় শিশুদের শরীরে কিছু সতর্কবার্তা দেখা দিতে পারে। তাই কয়েকটি লক্ষণ সম্পর্কে বাবা-মায়েদের সচেতন থাকা জরুরি।
১. ঘুমের মধ্যেও অতিরিক্ত ঘাম
শিশু যদি বিশ্রামে থাকা অবস্থাতেও অস্বাভাবিকভাবে ঘামে, বিশেষ করে রাতে ঘুমের সময়ে জামাকাপড় বা বিছানা ভিজে যাওয়ার মতো পরিস্থিতি হয়, তা হলে বিষয়টি নজরে রাখা প্রয়োজন। কিছু হৃদ্যন্ত্রের সমস্যায় শরীরকে বেশি পরিশ্রম করতে হতে পারে, যার সঙ্গে অতিরিক্ত ঘাম দেখা দিতে পারে।
২. ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া
ঠোঁট, জিভ বা নখের আশপাশে স্বাভাবিক অবস্থাতেও নীলচে বা ধূসর আভা দেখা গেলে তা অবহেলা করা উচিত নয়। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে এমন পরিবর্তন হতে পারে। বিশেষ করে এই লক্ষণ বারবার দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৩. বয়স অনুযায়ী ওজন বা উচ্চতা না বাড়া
শিশু নিয়মিত খাবার খাওয়ার পরেও বয়স অনুযায়ী ওজন বা উচ্চতায় প্রত্যাশিত বৃদ্ধি না হলে কারণ খুঁজে দেখা দরকার। বিভিন্ন কারণে শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে, তার মধ্যে কিছু হৃদ্যন্ত্রের সমস্যাও থাকতে পারে।
৪. অল্প পরিশ্রমেই দ্রুত শ্বাস নেওয়া
সামান্য হাঁটা বা খেলাধুলাতেই যদি শিশু অতিরিক্ত হাঁপিয়ে যায়, খুব দ্রুত শ্বাস নেয় কিংবা বিশ্রামের সময়ও শ্বাস নিতে কষ্ট হয়, তা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। ঘুমের মধ্যেও দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাস নেওয়ার সময় পাঁজরের অংশ ভেতরের দিকে বসে যাওয়াও সতর্কতার লক্ষণ হতে পারে।
৫. চোখের পাতা, পা বা গোড়ালি ফুলে যাওয়া
সকালে চোখের পাতা কিংবা দিনের শেষে পা ও গোড়ালি অস্বাভাবিকভাবে ফুলে গেলে কারণ খতিয়ে দেখা প্রয়োজন। শরীরে অতিরিক্ত তরল জমলে এমন ফোলা দেখা দিতে পারে। তবে শুধু হৃদ্রোগ নয়, কিডনির মতো অন্যান্য সমস্যাতেও এই উপসর্গ হতে পারে।
মনে রাখতে হবে, এই লক্ষণগুলির কোনও একটি দেখা গেলেই যে শিশুর হৃদ্রোগ রয়েছে, এমন নয়। তবে একাধিক লক্ষণ বারবার দেখা দিলে বা শিশুর শ্বাসকষ্ট, ঠোঁট নীল হয়ে যাওয়া কিংবা অস্বাভাবিক দুর্বলতার মতো সমস্যা হলে দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।







