বাংলাদেশের ঢাকায় এক তরুণীর প্রেমের নাটক চূড়ান্ত পর্যায়ে পৌঁছল, যখন তাঁর এক প্রেমিক পরিকল্পনা করে একই সঙ্গে বাকি পাঁচ প্রেমিককেও রেস্তরাঁয় ডেকে পাঠান। দীর্ঘদিন ধরেই ওই তরুণী ছজন তরুণের সঙ্গে গোপনে প্রেম করছিলেন, অথচ কেউই একে অপরের সম্পর্কে কিছু জানতেন না। সন্দেহ হওয়ায় এক প্রেমিক ‘সারপ্রাইজ’ দেওয়ার অজুহাতে প্রেমিকাকে একটি রেস্তরাঁয় ডাকেন এবং বাকি পাঁচ প্রেমিককেও সেখানে হাজির করেন।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেস্তরাঁয় প্রেমিকার চোখ ঢাকা অবস্থায় বসে রয়েছেন এক তরুণ। তিনি প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার মতো অভিনয় করছিলেন। এর মধ্যেই একে একে বাকি প্রেমিকরা রেস্তরাঁয় ঢুকে পড়েন। কেউ প্রেমিকার পাশে গিয়ে বসেন, আবার কেউ সামনেই দাঁড়িয়ে থাকেন। একসময় প্রেমিকার চোখ থেকে হাত সরিয়ে নিতেই তিনি হতচকিত হয়ে যান এবং একসঙ্গে ছজন প্রেমিককে দেখে পুরোপুরি ভেঙে পড়েন।
ভিডিওটি ইনস্টাগ্রামের ‘অ্যারুক্রিয়েট.ইন’ অ্যাকাউন্ট এবং এক্স (অতীতে টুইটার)-এ পোস্ট হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঢাকার এক জনপ্রিয় রেস্তরাঁয় ঘটেছে। প্রেমিকরা প্রেমিকার প্রতারণা প্রকাশ্যে আনতেই এমন কৌশল নেন। প্রেমিকদের এমন কাণ্ড দেখে রেস্তরাঁয় উপস্থিত অন্যান্য অতিথিরাও অবাক হয়ে যান। প্রেমিকদের ফাঁদে পড়ে প্রেমিকার প্রতারণা মুহূর্তেই প্রকাশ পায়। প্রকাশ্যে ধরা পড়ে যাওয়ায় তরুণী রেস্তরাঁতেই কান্নায় ভেঙে পড়েন। প্রেমঘটিত এই অদ্ভুত ঘটনার ভিডিও এখন ভাইরাল হয়ে নেটদুনিয়ায় চর্চার বিষয়।







