নিয়মভঙ্গের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’— মুখ্যমন্ত্রী Suvendu Adhikari দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক পদক্ষেপে সেই বার্তাই স্পষ্ট হচ্ছে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান হোক কিংবা তোলাবাজি দমনে কড়া অবস্থান, প্রশাসনের সক্রিয়তা ইতিমধ্যেই নজর কেড়েছে। এবার ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধেও শুরু হল কড়া অভিযান।
হেলমেট ব্যবহার নিয়ে আগেই কঠোর বার্তা দিয়েছিল Kolkata Police। তবুও শহরের একাধিক এলাকায়, বিশেষ করে রাতের দিকে, হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ ছিল, বহু ক্ষেত্রেই নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে নতুন সরকারের কড়া অবস্থানের পর সেই পরিস্থিতিতে বদল এসেছে বলে মনে করছে প্রশাসনের একাংশ।
সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক করতে বিশেষ অভিযান চালাতে হবে। ট্র্যাফিক বিভাগ এবং স্থানীয় থানাগুলিকে যৌথভাবে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, এডিজি ট্র্যাফিককে নিয়মিত রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে। লক্ষ্য একটাই— রাস্তায় দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
সেই নির্দেশ কার্যকর হতেই শহরজুড়ে শুরু হয় বিশেষ অভিযান। সোম ও মঙ্গলবার মিলিয়ে শুধুমাত্র হেলমেট না পরার অভিযোগেই মোট ২ হাজার ৬৬১টি মামলা দায়ের করেছে Kolkata Police।
প্রশাসনের স্পষ্ট বার্তা— আইন সবার জন্য সমান। নিয়ম মানলে নিরাপদ থাকবেন, আর আইন ভাঙলে কড়া পদক্ষেপের মুখোমুখি হতে হবে। নতুন সরকারের এই পদক্ষেপকে ঘিরে শহরজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।







