অনুব্রতের একাধিক কৌশল এবার ইডির চার্জশিটে !
গরু পাচার মামলায় ইডি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে । সেই চার্জশিটে বাবার নামের অর্থাৎ অনুব্রত মণ্ডলের নামের পাশাপাশি নাম রয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলেরও। এছাড়াও অনুব্রতের হিসাবরক্ষক মনীশ কোঠারির নাম রয়েছে । গরু পাচারের কারবার থেকে অনুব্রত প্রায় ৪৮ কোটি ‘প্রোটেকশন মানি’পেয়েছেন, এমনটাই সেই চার্জশিটে দাবি ইডির । ইডির চার্জশিটে আরও উল্লেখ রয়েছে সুকন্যার নামে থাকা দুই চালকল ভোলে ব্যোম রাইস মিল এবং শিব শম্ভু রাইস মিলের। ইডির আরও দাবি, নতুন সংস্থা খোলা থেকে চালকল কিনে টাকা সরানোর সব দায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারির উপরই ঠেলেছেন অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল।
সুত্রের খবর, গরুপাচারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার ক্ষেত্রেও নয়া কৌশল অবলম্বন করা হয়েছিল। যদিও মোটা অঙ্কের টাকা ব্যাঙ্কে জমা দিতে গেলে যিনি তা জমা করতে যান, তাঁকে প্যান কার্ড দেখাতে হয়। ফলে তাঁর পরিচয় সামনে এলে ভবিষ্যতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এই কারণে ‘ক্যাশ ডিপোজিট মেশিন’-এ মোটা অঙ্কের টাকা জমা দেওয়া হতো। ইডি তার চার্জশিটে উল্লেখ করেছে, ব্যাঙ্ক ও আয়কর বিভাগের নজরদারি এড়াতে একাধিক কৌশল অবলম্বন করেছিলেন কেষ্ট । ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করার ক্ষেত্রে টাকার অঙ্ক যাতে বেশি না দেখায় তার জন্য রাউন্ড ফিগারে টাকা জমা না করে ১ টাকা করে কম জমা দিতেন। অর্থাৎ ৫০ হাজার জমা না করে ৪৯,৯৯৯ টাকা জমা করা হতো।
এছাড়াও ইডি তাদের চার্জশিটে উল্লেখ করেছে লটারিকাণ্ডের কথা। অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডল ১০-১২ বার লটারি জেতেন। দু’বার তাঁরা ৫০ লক্ষ টাকা করে এবং আরেকবার ১ কোটি টাকা জেতেন এমনটাই উল্লেখ করেছে ইডি তাঁদের চার্জশিটে। ইডির দাবি , এইভাবে একাধিক লটারির পুরস্কার জেতা আসলে গরু পাচারের কালো টাকা সাদা করার কৌশল ছিল ।







