একদিকে মুর্শিদাবাদের বহরমপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, NEET-সহ একাধিক ইস্যুতে NDA ও INDIA জোটের পাল্টাপাল্টি বিক্ষোভে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে দিল্লির সংসদ চত্বর। দুই ভিন্ন ঘটনার জেরে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছবেন মুখ্যমন্ত্রী। গত শুক্রবার বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ৪ শিশু-সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছিল। সফরে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদেরও খোঁজ নেবেন তিনি।
মুর্শিদাবাদ সফর শেষ করে মুখ্যমন্ত্রী হুগলির গুপ্তিপাড়ায় পৌঁছবেন। সেখানে উল্টোরথ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ভাণ্ডার লুট অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এদিকে রাজধানী দিল্লিতে NEET-সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে আজও সংসদ চত্বরে সরগরম থাকার আশঙ্কা। NDA এবং INDIA জোটের সদস্যদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। সংসদ ভবন এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক উত্তেজনার আবহে দিনের ঘটনাপ্রবাহের দিকে নজর থাকবে গোটা দেশের।







