জেলারাজনীতি

২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় মঞ্চেই ফাটল! নিজ গড়েই মেজাজ হারালেন মন্ত্রী তাজমুল হোসেন

বিধানসভা ভোটের আগে শাসকদলের অন্দরে ফের ফাটল! ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতি সভার মঞ্চেই হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন মেজাজ হারালেন। সরাসরি নিশানা করলেন দলের জেলা পরিষদ সদস্য ও সাধারণ সম্পাদক বুলবুল খানকে। আর এতেই শুরু হয় উত্তেজনা—সভাস্থলের ভেতরেই উত্তপ্ত বাক্য বিনিময়, পরে তা ছড়িয়ে পড়ে ধস্তাধস্তি পর্যন্ত।

সোমবার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সদভাব ভবনে এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লক সভাপতি জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন, তৃণমূল নেতা তাবারক হোসেন-সহ একাধিক স্থানীয় নেতা। সভার শেষে বক্তব্য রাখতে উঠে মন্ত্রী বলেন, “নতুন নতুন নেতা উঠে আসছে, নিজেকে বড় নেতা ভাবছে। জেলা পরিষদের টিকিট কীভাবে পেয়েছে, তা আমি জানি।” এরপরেই নাম না করলেও ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বলেন, “বুলবুলকে ভালোবাসি, তাই তোয়াক্কা করি।”

এই মন্তব্যের জবাবে বক্তব্য রাখতে চান বুলবুল খান। কিন্তু মঞ্চ থেকে তাঁর কথা আটকে দেওয়া হয়। তখনই উষ্মা প্রকাশ করেন বুলবুলের অনুগামীরা। শুরু হয় ধাক্কাধাক্কি, তর্কাতর্কি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ভবনের বাইরেও দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ।

উল্লেখ্য, পঞ্চায়েত এবং সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের ফল অত্যন্ত খারাপ হয়েছিল। শোনা যাচ্ছে, দলের একাংশ মন্ত্রী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। এমনকি জেলা পরিষদের ভোটেও হেরে গিয়েছিলেন মন্ত্রীর ভাই। এই অবস্থায় বিধানসভা ভোটের আগে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকাশ্যে আসায় অস্বস্তিতে শাসকদল।

বিরোধীদের কটাক্ষ, “রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুরে টিকিট নিয়ে শুরু হল লড়াই। এখন তৃণমূলের কাজই গোষ্ঠীকোন্দল সামলানো।”

তবে মন্ত্রী তাজমুল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “এমন কিছুই হয়নি। সব মিটে গিয়েছে।” যদিও উপস্থিত থাকা নেতা-কর্মীরা বলছেন, বিষয়টি নিয়ে জেলা নেতৃত্বের হস্তক্ষেপ প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.