চল্লিশে পা দেওয়া রণবীর সিংহ এবার তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক প্রকাশ করলেন জন্মদিনেই। ঝলকেই নজর কাড়লেন তাঁর সাজ-পোশাক ও অভিনয় দক্ষতায়। কিন্তু ছবির নায়িকা নির্বাচনে উঠেছে কটাক্ষের ঝড়। কারণ, রণবীরের বিপরীতে দেখা যাবে মাত্র ২০ বছর বয়সি অভিনেত্রী সারা অর্জুনকে।
রণবীর ও সারার মধ্যে বয়সের ব্যবধান ২০ বছর। ফলে এই ‘অসম’ জুটিকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। নেটদুনিয়ায় অনেকে বলছেন,”রণবীরও এবার হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন!” এর আগে সালমান খান ও আমির খানকেও অনুরূপ কারণে কটাক্ষের শিকার হতে হয়েছিল। এক্ষেত্রে রণবীরের নামও যোগ হল সেই তালিকায়।
কে এই সারা অর্জুন? দক্ষিণী সিনেমা জগতের পরিচিত মুখ সারা, যিনি শিশু অভিনেত্রী হিসেবেই পা রাখেন বিনোদন জগতে। ২০১১ সালে মাত্র ছবছর বয়সে ‘দেইভা থিরুমঙ্গলম’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘৪০৪’, ‘এক থি ডায়েন’, ‘জয় হো’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’ এবং ‘পোনইন সেলভান’-এর মতো একাধিক হিন্দি ও তামিল ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা।
‘ধুরন্ধর’ ছবিতে সারার চরিত্র ঠিক কতটা গুরুত্ব পাবে তা এখনও স্পষ্ট নয়, তবে রণবীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ৫ ডিসেম্বর। তার আগেই রণবীর-সারা জুটিকে ঘিরে চড়ছে বিতর্কের পারদ। এখন দেখার, এই নতুন জুটি দর্শকদের মন জয় করতে পারে কি না।







