বীরভূম জেলার মহম্মদবাজার ব্লকে ময়ূরাক্ষী নদীর জলস্তর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নদীর উপর তৈরি অস্থায়ী রাস্তা ভেঙে পড়েছে। এর ফলে বড়াম, নরসিংহপুর সহ মোট ১২টি গ্রাম সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহম্মদবাজার শহর থেকে।
জানা গেছে, মহম্মদবাজারের আঙ্গাড়গড়িয়া থেকে বড়াম যাওয়ার মাঝখানে ময়ূরাক্ষী নদীর উপর একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল। বর্ষার মরশুমে নদীর জল বাড়লে প্রতি বছরই এই রাস্তা জলের তোড়ে ভেঙে যায়। এবারও ব্যতিক্রম হয়নি।
বর্তমানে স্থানীয় বাসিন্দারা নৌকা ব্যবহার করে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। ছাত্র-ছাত্রী, রোগী, কর্মজীবী মানুষ—সবাই বিপাকে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা রসিদ শেখ বলেন,
“প্রতিবছর এই সময় এই ভোগান্তি হয়। রাস্তা জলের নিচে চলে যায়, আমাদের নৌকায় করে যাতায়াত করতে হয়। খুব ভয় লাগে, অনেক সময় দুর্ঘটনাও ঘটে। আমরা চাই একটা পাকা ব্রিজ হোক।”
একই কথা শোনা গেল রামচন্দ মাঝির মুখেও। তিনি জানান,
“এই সমস্যার স্থায়ী সমাধান দরকার। শুধু বর্ষার সময় নয়, সারাবছর একটা নিরাপদ যোগাযোগ ব্যবস্থা চাই আমরা।”
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, নদীর উপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক, যাতে বর্ষায় আর এই দুর্ভোগ না পোহাতে হয়। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ।







