গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনে নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন দক্ষিণী তারকা সমান্থা রুথ প্রভু। দাম্পত্য ভাঙন, শারীরিক অসুস্থতা— একাধিক কঠিন পরিস্থিতি পেরিয়ে এ বছর ডিসেম্বরের প্রথম দিনে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করে ব্যক্তিগত জীবনে ফিরে এসেছেন স্থিতি। স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন— দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তাঁর জীবনসঙ্গী, ক্যামেরার পিছনের মানুষ রাজ— সম্পত্তি ও রোজগারে কতটা পাল্লা দিতে পারেন?
তিনটি বড় ইন্ডাস্ট্রি— তেলুগু, তামিল ও হিন্দি— জুড়ে দীর্ঘদিন ধরে নিজের অভিনয়দক্ষতা দিয়ে সমানভাবে নজর কাড়ছেন সমান্থা। সাম্প্রতিক শারীরিক সমস্যার কারণে আপাতত কাজের চাপ কমালেও, ছবিপিছু তাঁর পারিশ্রমিক এখনও প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা। তেলঙ্গানার অভিজাত এলাকা জুবিলি হিলসে তাঁর প্রায় ৮০ কোটি টাকার বাংলো নজর কাড়ে সবার আগে। সম্প্রতি মুম্বইয়ের প্রাইম লোকেশনে ১৫ কোটি টাকায় সমুদ্র-দৃশ্য বিশিষ্ট তিন কামরার ফ্ল্যাট কিনেছেন তিনি। হায়দরাবাদে আরও রয়েছে প্রায় ৮ কোটি টাকার একটি ফ্ল্যাট। সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি— মার্সিডিজ়, পোর্শে, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার থেকে আরও কয়েকটি প্রিমিয়াম ব্র্যান্ডের মডেল। বিজ্ঞাপন চুক্তি থেকেই তাঁর বার্ষিক আয় প্রায় ৮ কোটি বলে শিল্পমহলের হিসাব। সব মিলিয়ে সমান্থার মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটিরও বেশি।
অন্যদিকে, বহুদিন ধরে বলিউডে কর্মরত রাজ নিদিমোরু “গো গোয়া গন”, “শোর: ইন দ্য সিটি”, “গানস অ্যান্ড গুলাব্স”-এর মতো সফল প্রয়াসে জড়িত। তবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে “দ্য ফ্যামিলি ম্যান”, “ফার্জি” এবং “সিটাডেল: হানি বানি”-র সাফল্যের পর। নির্মাতা হিসেবে তাঁর মোট সম্পত্তি প্রায় ৮০ কোটি বলে জানা যাচ্ছে।
যদিও আয়ের অঙ্কে কিছু ব্যবধান স্পষ্ট, তবু শিল্পমহল মনে করছে— সৃজনশীলতায় ও পেশাদারিত্বে এই নতুন তারকাদম্পতি একে অপরের পরিপূরক বলেই বিবাহবন্ধনে তাঁদের মিল আরও অর্থবহ হয়ে উঠেছে।







