কাশ্মীর সীমান্তে দেশের জন্য কর্তব্যরত অবস্থায় শহীদ হলেন কুমারগ্রামের পুখুরি গ্রামের বাসিন্দা, বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) জওয়ান মৃদুল দাস। তাঁর কফিন বন্দি শবদেহ জম্মু-কাশ্মীরের রামগর সেক্টর থেকে মঙ্গলবার বিকেলে এসে পৌঁছায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে।
বারবিশা থেকে তাঁর দেহ কুমারগ্রামের বাড়িতে নিয়ে আসার আগে স্থানীয় মানুষজনের উদ্যোগে বাইক র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। বিকেল পাঁচটা নাগাদ বারবিশায় পৌঁছায় শহীদের মরদেহ। জাতীয় পতাকা হাতে শত শত মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে কফিন বন্দি দেহকে শেষ শ্রদ্ধা জানান।
জানা গিয়েছে, মাত্র দু’বছর আগে BSF-এ যোগ দিয়েছিলেন মৃদুল। সম্প্রতি জম্মুর রামগর সেক্টরে নিযুক্ত ছিলেন তিনি। রবিবার রাতে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হন এবং শহীদ হন।
খবর ছড়িয়ে পড়তেই গোটা কুমারগ্রাম ব্লক জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুখুরি গ্রামের আকাশে বাতাসে যেন শুধু একটাই নাম — শহীদ মৃদুল দাস।
দেশ মাতৃকার প্রতি আত্মোৎসর্গকারী এই সাহসী জওয়ানকে বাংলার মাটি মাথা নিচু করে জানাচ্ছে কৃতজ্ঞতা ও শেষ প্রণাম।







