মসজিদের নিচে মাটি খুঁড়ে প্রাচীন দেবমূর্তি উদ্ধারের ঘটনা ঘিরে তৈরি হয় অশান্তি, এমনই বিতর্কিত কাহিনি নিয়ে নির্মিত হয়েছে রজতাভ দত্ত অভিনীত চলচ্চিত্র ‘কাল্পনিক’। বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর, সম্প্রতি পুরুলিয়াতেও বিশেষ প্রদর্শনীতে ভালো সাড়া পেয়েছে ছবিটি। তবে আগামী ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও, শেষ মুহূর্তে আটকে গেল ছবিটির মুক্তি। এখনও পর্যন্ত কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে কোনও ছাড়পত্র দেওয়া হয়নি।
‘কাল্পনিক’ ছবির পরিচালক অর্ক মুখোপাধ্যায়, যিনি মূলত আমেরিকাবাসী এবং পেশায় বহুজাতিক সংস্থার কর্মী, বর্তমানে কলকাতায় রয়েছেন ছবির কাজ নিয়েই। তিনি জানান, মুক্তি আটকে গেলেও কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, সে বিষয়ে এখনও কোনও লিখিত ব্যাখ্যা পাননি তিনি। পরিচালকের ধারণা, ছবির বিষয়বস্তুতেই রয়েছে আপত্তির কারণ। বাস্তব থেকে অনুপ্রাণিত গল্পে ধর্মীয় মেরুকরণের বিষয়টি তুলে ধরা হয়েছে, যদিও কোনও রাজনৈতিক দল বা রঙের উল্লেখ নেই। ছবিতে হিংসা বা অশ্লীলতার মতো উপাদানও অনুপস্থিত।
অর্ক বলেন,”এই ছবি এক রাজনৈতিক ভাষ্য। বর্তমান সমাজে যেভাবে ধর্মীয় মেরুকরণ হচ্ছে, সেই প্রক্রিয়ারই প্রতিফলন রয়েছে এখানে। মসজিদের নীচে মূর্তি উদ্ধারের মতো একটি ঘটনা থেকে শুরু হয় উত্তেজনা, যা সাম্প্রতিক ঘটনাবলির ছায়া ফেলেছে গল্পে।” পরিচালকের আরও অনুমান, ছবির কিছু দৃশ্য হিন্দিভাষী জনগণের আবেগে আঘাত করতে পারে বলে মৌখিকভাবে জানানো হয়েছে। যদিও সেন্সর বোর্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও নির্দিষ্ট আপত্তি জানানো হয়নি, শুধু জানানো হয়েছে ছবিটি পুনর্বিবেচনার জন্য মুম্বইয়ে পাঠানো হয়েছে। ছবিতে রজতাভ দত্ত ছাড়াও অভিনয় করেছেন শতাক্ষী নন্দী। এখন দেখার, কবে ছাড়পত্র পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ছবি বড়োপর্দায় মুক্তি পায়।







