রাজ্য

ডেলিভারি বয় প্রসেনজিতের মৃত্যুতে তোলপাড় ত্রিপুরা, অভিযুক্ত শিক্ষিকার গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ডেলিভারি দিতে সামান্য দেরি—আর তার জেরেই প্রকাশ্যে অপমান, মারধর এবং শেষ পর্যন্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু। ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের আত্মহত্যাকে কেন্দ্র করে গত তিন দিন ধরে উত্তাল ত্রিপুরার ধর্মনগর ও আশপাশের এলাকা। শহরজুড়ে একটাই স্লোগান— “We Want Justice Prasenjit Sarkar”। কিন্তু ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

ঘটনার সূত্রপাত গত শনিবার। অভিযোগ, একটি পার্সেল পৌঁছাতে দেরি হওয়ায় প্রসেনজিৎ সরকারের সঙ্গে বচসা শুরু হয় পাঁচজনের। অভিযোগ অনুযায়ী, তিন যুবতী ও দুই যুবক মিলে প্রকাশ্য রাস্তায় তাঁকে অপমান ও মারধর করে। শুধু তাই নয়, গোটা ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। চরম অপমান ও মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রসেনজিৎ নিখোঁজ হয়ে যান। কিছুক্ষণ পর তাঁকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

মৃতের পরিবারের তরফে ধর্মনগর থানায় সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদ্বীপ ভট্টাচার্য ও পিউ ধরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ হত্যার মামলা রুজু করলেও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ, অভিযুক্তদের একজন ঘটনার পরেও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও পুলিশ ‘খোঁজ’ পায়নি।

এই ঘটনায় ধর্মনগরে মৌন মিছিল, থানায় ডেপুটেশন ও প্রতিবাদ কর্মসূচি চলছে। যুব সমাজ জেলা পুলিশ সুপারকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছে। পুলিশ সুপার অবিনাশ রাই জানিয়েছেন, অভিযুক্তদের বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে এবং শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

এদিকে জানা গিয়েছে, অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্য একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। ঘটনার পর তাঁকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহাও। তিনি দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দিলেও, প্রশ্ন একটাই— কবে মিলবে প্রসেনজিতের বিচার?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.