বিনোদন

“বাংলা আমার প্রাণের ভাষা”! মাতৃভাষা বিতর্কে অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ

সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মালায়ালম ছবি ‘মালিক’–এর এক সাংবাদিক সম্মেলনে এক বাঙালি সাংবাদিককে বাংলা ভাষায় প্রশ্ন করায় প্রসেনজিতের মন্তব্য,”কেন বাংলা ভাষায় প্রশ্ন করছেন?” ঘিরেই তৈরি হয়েছে বিতর্কের ঝড়। অভিযোগ, জাতীয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের মাতৃভাষা ‘বাংলা’কে ছোটো করেছেন বাংলারই জনপ্রিয় অভিনেতা। সেই থেকে শুরু কটাক্ষ, ট্রোলিং, এমনকি অভিনেতাকে বয়কট করার ডাকও উঠেছে।

সমালোচনার কেন্দ্রে থাকলেও এতদিন চুপ ছিলেন প্রসেনজিৎ। এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে। লিখলেন,”কিছুদিন ধরে একটা সেন্টেন্স নিয়ে যা চলছে, তাতে কিছু বলতেই হচ্ছে। আমি ৪২ বছর ধরে বাংলায় কাজ করছি। সম্প্রতি কিছু জাতীয় স্তরের প্রজেক্টে কাজের সুযোগ পেয়েছি। ওইদিন সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক বাংলায় প্রশ্ন করায় আমি বলেছিলাম, কেন বাংলা ভাষায় প্রশ্ন করছেন। কারণ সেখানে অনেকেই বাংলা বোঝেন না, আমি যদি বাংলায় উত্তর দিই, হয়তো ঠিকভাবে তা কেউ বুঝবেন না। সেই কারণে ওই প্রশ্ন করেছিলাম।”

নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা স্পষ্ট করে প্রসেনজিৎ লেখেন,”একটা বাক্য তুলে ধরে অনেকেই হয়তো আঘাত পেয়েছেন। আমিও কষ্ট পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বাংলা আমার প্রাণের ভাষা। ভালবাসার ভাষা। বাংলার মানুষের বিচার চিরকাল আমার কাছে শিরোধার্য ছিল, থাকবে।” শেষে ক্ষমা চেয়ে অভিনেতা লেখেন,”আমার কথায় যদি আঘাত পেয়ে থাকেন, আমি দুঃখিত। এই পুরো ঘটনার ব্যাখ্যাটা আপনাদের জানালাম। ভাল থাকবেন।”

অনেকেই বলছেন, রাজকুমার রাও যেখানে নিজে বাংলা প্রশ্ন শুনে হিন্দিতে অনুবাদ করে দিলেন, সেখানে প্রসেনজিৎ এই সহমর্মিতা দেখাতে পারতেন। তবে, অভিনেতার নিজেকে সমর্থন ও বিনম্র দুঃখপ্রকাশের পর সোশ্যাল মিডিয়ার রোষ কতটা প্রশমিত হয়, তা সময়ই বলবে। তবে এটুকু বলা যায়, মাতৃভাষা নিয়ে আবেগ বাঙালির মনে চিরকালই তীব্র। ভুল হলে তা সংশোধনের সুযোগ দেওয়াটাই সত্যিকারের বাঙালিয়ানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.