পুজোর মতোই শীতকাল বাঙালির আর এক ছবি দেখার উৎসব। বড়দিন ঘিরে চারটি বড়ো মাপের টলিউড ছবি মুক্তির সম্ভাবনায় উত্তেজিত সিনেপ্রেমীরা। তালিকায় রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কাকাবাবু’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, দেবের ‘প্রজাপতি ২’ এবং উইন্ডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।
ইতিমধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ বড়দিনেই আসছে। দেব ও উইন্ডোজের ছবির প্রস্তুতিও জোরকদমে চলছে। কিন্তু প্রশ্ন উঠেছে ‘কাকাবাবু’ নিয়ে। একই প্রযোজনা সংস্থার (এসভিএফ) দুটি ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘কাকাবাবু’ একই দিনে মুক্তি পাওয়া কি সম্ভব? অতীতে এমন উদাহরণ থাকলেও বর্তমানে ব্যবসায়িক হিসাব-নিকাশে কিছুটা সংযম দেখা গেছে। এদিকে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত ‘কাকাবাবু’র মুক্তি পিছনোর সিদ্ধান্ত জানানো হয়নি। সূত্রের দাবি, ছবির শুটিং নির্ধারিত সময়েই শুরু হবে। তবে পরিস্থিতি বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পাশাপাশি নতুন চমক আনছে অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’। আবীর চট্টোপাধ্যায় অভিনীত এই ছবির মুক্তি শীতেই হবে কি না, তা জানানো হবে শুক্রবার মোশন পোস্টার প্রকাশের পর। তবে একদিনে একাধিক বড়ো বাজেটের ছবি মুক্তি ব্যবসায় প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সিনে-বিশ্লেষকরা। সব মিলিয়ে বড়দিনে টলিউডে মুক্তি যুদ্ধে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় দর্শক।







