জেলা

হাসনাবাদের ইছামতি নদীর বাঁধে ধস, আতঙ্কে হাজারো পরিবার, অবিলম্বে সংস্কারের দাবি গ্রামবাসীদের

ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ইছামতি নদীর বাঁধে ধস নামায় চরম আতঙ্কে হাসনাবাদের বরুনহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের পালপাড়া এলাকার বাসিন্দারা। নদীর ধারে বাঁধের বেশ কিছু অংশে মাটি সরে গিয়ে মাত্র এক থেকে দেড় ফুট প্রস্থে বাঁধ টিকে রয়েছে। বড় জোয়ারে বাঁধ সম্পূর্ণ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

গ্রামবাসীরা জানিয়েছেন, এই বাঁধ ভেঙে গেলে আশপাশের একাধিক গ্রামে হাজার হাজার পরিবার জলমগ্ন হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে বসতভিটে, চাষের জমি এবং মাছের ভেড়ি। তাই তাঁদের জোরালো দাবি— অবিলম্বে ইরিগেশন দপ্তর যেন এই বাঁধ মেরামতের কাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দা সুমিত্রা পাল জানান, “প্রতিদিন ভয়ে দিন কাটছে। রাত হলেই ভাবি— আজই হয়তো বাঁধ ভেঙে যাবে।”
অন্য এক গ্রামবাসী মিতা পাল বলেন, “আমাদের চাষের জমি, মাছের ভেড়ি সবই এই নদীর ধারে। বাঁধ ভেঙে গেলে পথে বসতে হবে।”

এই প্রসঙ্গে বরুনহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের প্রধান আবুল কালাম জানান, “ইছামতি নদীর বাঁধে দুটি জায়গায় ধস নেমেছে। বিষয়টি আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি। তারা খুব শীঘ্রই মেরামতের কাজ শুরু করবে বলে আশ্বাস দিয়েছে।”

এই মুহূর্তে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা না নিলে, আসন্ন বিপর্যয় ঠেকানো কার্যত অসম্ভব হয়ে উঠবে বলেই মনে করছেন এলাকাবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.