র্যাপার হানি সিং আবারও চর্চায়। তবে এবার কারণ গানের রিলিজ নয়, বরং তাঁর শ্রদ্ধা নিবেদন যেটি চিরস্থায়ী হয়ে থাকল তাঁর শরীরে। বলিউডের বিতর্কিত এই শিল্পী সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, পিঠে ট্যাটু করাচ্ছেন তিনি। আর সেই মুহূর্তে গাইছেন এ.আর. রহমানের অমর সৃষ্টি ‘তু হি রে’। হানি স্পষ্ট জানালেন,”এই ট্যাটু শুধুই ভালবাসা আর কৃতজ্ঞতার প্রকাশ। আজ আমি যেটুকু, তা শুধু রহমান স্যারের জন্য। তিনি না থাকলে আমি হয়তো কখনও মিউজিক করতাম না। তাঁকে চিরকাল ভালোবাসবো।”
৪২ বছর বয়সি এই গায়ক এক রাতেই করিয়েছেন তিনটি ট্যাটু, যার মধ্যে ডান কাঁধে লেখা ‘এ.আর. রহমান’। ইনস্টাগ্রাম ক্যাপশনে তিনি লেখেন,”তিন নম্বর ট্যাটুটা আমার আদরের কিংবদন্তি রহমান স্যারের জন্য। ধন্যবাদ সবকিছুর জন্য।” এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে রহমানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন হানি সিং। জানিয়েছেন, তাঁর প্রথম অনুপ্রেরণাই ছিলেন রহমান। এমনকি, তাঁর স্বপ্ন একদিন রহমানের সঙ্গে গ্র্যামি মঞ্চ ভাগ করে নেওয়া। এ সময়েই হানির কামব্যাক অ্যালবাম ‘গ্লোরি’ নিয়ে চলছে আলোচনা। দশটি ভাষার গান এবং বিশেষ ভিডিও ‘তেরি ইয়াদে’ ইতিমধ্যেই নজর কেড়েছে, যেখানে রয়েছেন নার্গিস ফাকরি ও আন্তর্জাতিক শিল্পী গ্রিনি। গ্ল্যামারের আড়ালে হানির এই গভীর সংগীতভক্তি আলাদা করে মনে করিয়ে দেয়, তিনি শুধুই স্টার নন, এক নিবেদিত সংগীতপ্রেমীও।
এদিকে, হানির জীবনীভিত্তিক তথ্যচিত্র উপলক্ষে ফের সামনে এল পুরনো বিতর্ক, শাহরুখ খানের চড়-কাণ্ড। হানি নিজেই জানালেন,”এসব গুজব। শাহরুখ আমাকে দাদা-ভাইয়ের মতো ভালবাসেন।” গায়ক জানান, সেদিন মঞ্চে ওঠার আগে তিনি নিজেই নিজের ক্ষতি করেছিলেন মানসিক বিপর্যয়ের কারণে। শাহরুখের সঙ্গে ঘটনাটির কোনও সম্পর্ক নেই, এই বার্তা দিয়ে যেন পুরনো গুজবে ইতি টানলেন তিনি।







