নিজস্ব সংবাদদাতা : আজ সোমবার সাতসকালে দলবল নিয়ে গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ হাজির আসানসোলের বিশেষ সিবিআই আদালতে । যদিও তিনি সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছিলেন । শুনানি শুরুর দু’ঘণ্টা আগে আদালতে উপস্থিত হয়েছেন তিনি । গরু পাচারকাণ্ডে নাম জড়িয়েছে লতিফের । বীরভূমের তৃণমূল সভাপতি তথা গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি । গত বছরের ৮ অগস্ট সিবিআই আসানসোলের বিশেষ আদালতে গরু পাচার মামলায় যে সাপ্লিমেন্টারি (তৃতীয়) চার্জশিট জমা দিয়েছিল, সেই চার্জশিটে লতিফের নাম উল্লেখ করা হয়েছিল। তিনি ইলামবাজার ব্লকের বাসিন্দা। উল্লেখ্য রাজু ঝা হত্যাকাণ্ডেও নাম জড়িয়েছে লতিফের।
গত বৃহস্পতিবার সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন লতিফ । তার পর ৬ মে, শনিবার তাঁর মামলার শুনানি হওয়ার কথা ছিল । কিন্তু ওই দিন আদালতে এক আইনজীবীর মৃত্যুতে শোকপালন করা হচ্ছিল । এই কারণে অন্য আইনজীবীরা অনুপস্থিত ছিলেন। যার জেরে আদালতে এসেও লতিফকে শনিবার ফিরে যেতে হয়েছিল। তাঁর জন্য ২৭ এপ্রিলের নির্দেশই ৮ মে পর্যন্ত বহাল রাখা হয়েছিল। সোমবার সকাল ৭টা নাগাদ লতিফ সিবিআই আদালতে আসেন। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর কয়েক জন সাঙ্গপাঙ্গও । বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে এই মামলার শুনানি হবে। সকাল ৯টা থেকে বিচারপতি এজলাসে শুনানি শুরু হয় ।
উল্লেখ্য চার্জশিট পেশের পর থেকেই লতিফকে গ্রেফতার করতে সক্রিয় হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তাঁকে ধরা যায়নি। তাঁকে দিল্লিতে ডেকেও পাঠানো হয়েছিল। তিনি অসুস্থতার কথা জানিয়ে এড়িয়েছেন হাজিরা । এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি লতিফকে রক্ষাকবচ দিয়েছে । শীর্ষ আদালত জানিয়েছে, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আপাতত করা যাবে না । আর তার পরেই লতিফ আসানসোল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন । যার ফলে তাঁর জামিন মঞ্জুর করা হয়।






