ঘুম ভেঙেই দরজার দিকে তাকাতেই হাড় হিম বিভা বসাকের। নিউটাউন জ্যোতিনগরের এই গৃহকর্ত্রী সকালে উঠে ঘরের বাইরে পা দিতেই দেখেন মূল গেটে ঝুলছে এক অদ্ভুত পুতুল—লালসালু কাপড়ে মোড়া, চোখ-মুখ আঁকা নেই, তবু যেন ভয় গিলে খাওয়ার মতো। পুতুলের ওপর আলতা দিয়ে লেখা—‘সব শেষ’।
পাশেই মাটির ঢেলা, তাতে আলতার ছাপ ও ছড়ানো নানা ফুল। এই রহস্যময় প্রতীকী ‘রক্ত’ ও পুতুল দেখে আতঙ্কে ভেঙে পড়েন বিভা বসাক। কেঁদে ফেলেন তিনি, পরিবারের সদস্যরাও আতঙ্কে দিশেহারা।
ঘটনার খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা, কী উদ্দেশ্যে এই কাজ করল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনের জ্যোতিনগর এলাকায়।
আতঙ্ক, শঙ্কা, অজ্ঞাত হুমকি—সব মিলিয়ে ভয়ঙ্কর রাতের পর প্রহর গুনছে গোটা পাড়া।
পুলিশ তদন্তে নেমেছে, আতঙ্কিত পরিবার এখন চাইছে নিরাপত্তা।
ঘটনার পিছনে কালীপুজো ঘিরে কোনও তন্ত্র-মন্ত্র নাকি ব্যক্তিগত শত্রুতা—সব দিক খতিয়ে দেখছে পুলিশ।







