ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ এ বার ইতিহাস গড়তে চলেছে নতুন মাত্রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ২৩ জুলাই যুবভারতীতে হবে প্রতিযোগিতার উদ্বোধন। শুধু ফুটবল নয়, এ বার রাজনীতি, প্রশাসন ও সেনাবাহিনীর মিলিত উদ্যোগে এই টুর্নামেন্ট হয়ে উঠছে এক নতুন ক্রীড়া উৎসব। আর তার অন্যতম আকর্ষণ—তিন গুণ বেশি পুরস্কার মূল্য।
বৃহস্পতিবার কলকাতায় ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জানানো হয়, আগের বছর যেখানে জয়ী দল ১ কোটি ২০ লক্ষ টাকা পেত, এ বার তা বেড়ে হয়েছে ৩ কোটি টাকা। রানার্স-আপ সহ কোয়ার্টার ও সেমিফাইনালে ওঠা দলগুলির জন্যও বাড়ানো হয়েছে আর্থিক পুরস্কার। পাশাপাশি, সেরা গোলদাতা, সেরা গোলরক্ষক ও সেরা ফুটবলারকে দেওয়া হবে এসইউভি গাড়ি।
এ বারে ডুরান্ডে অংশ নিচ্ছে ২৪টি দল। আইএসএলের ছ’টি দল সহ নেপালের ত্রিভুবন আর্মি ও মালয়েশিয়ার সেনা দলও খেলবে। প্রথম বার খেলছে ডায়মন্ড হারবার এফসি, লাদাখ ওয়ান ও নামধারী এফসি। কলকাতার যুবভারতী ও কিশোর ভারতী ছাড়াও খেলা হবে কোকরাঝাড়, ইম্ফল, শিলং ও জামশেদপুরে। কোয়ার্টার, সেমি ও ফাইনাল—সবই অনুষ্ঠিত হবে কলকাতায়।
ম্যাচ দেখতে উৎসাহী সমর্থকদের জন্য রাজ্যের চার প্রধান ক্লাবের ক্ষেত্রে পাঁচ হাজার করে টিকিট বরাদ্দ করেছে আয়োজক সংস্থা। ২৩ জুলাই ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসর। সমর্থকদের প্রত্যাশা, ফুটবলের এই মহাযজ্ঞে ফিরবে বাংলার পুরনো ক্রীড়াগৌরব।







