নিউটাউনের নিজন্ন-সুজন্ন আবাসন প্রকল্পের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ‘রোহিঙ্গা’ ইস্যুতে বিরোধী দলের কটাক্ষের জবাবে মুখ খুলে ফের স্মরণ করালেন ইতিহাস, একাত্তরের বাংলাদেশের প্রসঙ্গ।
মমতার প্রশ্ন, “বাংলায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায়? রোহিঙ্গা তো মায়ানমারের। তারা বাংলাটা জানল কোথা থেকে?” — সরাসরি পালটা দিয়েছেন শুভেন্দু অধিকারীর অভিযোগের।
বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের হেনস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ভারতে যে যেখানে ইচ্ছা যেতে পারে। সে তো ভারতীয় নাগরিক।” এরপরই ইতিহাসের দিকে ফিরে মুখ্যমন্ত্রী বলেন, “১৯৭১ সালে ইন্দিরা-মুজিব চুক্তি হয়েছিল। বহু মানুষ সব হারিয়ে ভারতে এসেছিল। আজ যারা আছে, তারা তো ভারতেরই নাগরিক।”
একই সঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, “এখনও তো ভারত সরকার অতিথি করে কিছু মানুষকে রেখেছে রাজনৈতিক কারণে। কই, আমরা তো কিছু বলি না! আপনারা কেন বলবেন!”
মমতার বক্তব্যের মূল সুর— বাংলা ভাষা কারও নাগরিকত্ব নির্ধারণের মাপকাঠি হতে পারে না। ভাষা নয়, মানবিকতা থাকাই জরুরি।
বাঙালিত্বকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে যে উত্তাপ তৈরি হয়েছে, তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এক নতুন রাজনৈতিক বার্তা— এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।







