বলিউডের কিং খান শাহরুখের ভক্তদের জন্য দুঃসংবাদ। আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন মারাত্মক চোট পান তিনি। মেয়ে সুহানা খানের সঙ্গে একটানা লন্ডনে ছবির কাজ চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা। তবে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে মাঝপথেই থামিয়ে দিতে হয় শুটিং।
সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে একটি অ্যাকশন দৃশ্যের সময় স্টান্ট করতে গিয়েই চোট পান শাহরুখ। যদিও শরীরের কোন অংশে আঘাত লেগেছে, তা প্রকাশ করা হয়নি। অভিনেতার টিম থেকেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, আঘাত গুরুতর না হলেও, আগের পেশির সমস্যার জন্যই বিষয়টিকে হালকাভাবে নেওয়া হয়নি।
শাহরুখের শারীরিক অবস্থা যাতে খারাপের দিকে না যায়, তাই দ্রুত তাঁকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থ হতে অন্তত এক মাস সময় লাগবে তাঁর। ফলে আপাতত ‘কিং’ ছবির শুটিং স্থগিত। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর বা নভেম্বর নাগাদ ফের ক্যামেরার সামনে ফিরবেন বাদশাহ।







