২১ জুলাইয়ের শহিদ দিবস নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবারের শহিদ দিবসই নাকি তৃণমূলের ‘শেষ শহিদ দিবস’ হতে চলেছে—এমনই দাবি করে তৃণমূলকে কার্যত খোঁচা দিয়ে বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্ষিক উৎসব করেন ডিম-ভাতের। শহিদ দিবসটা দিনে দিনে ডিম-ভাত দিবস হয়ে গিয়েছে।’’
সোমবার খড়গপুর থেকে বিস্ফোরক ভাষায় আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ আরও বলেন,
“আমার যেটা মনে হচ্ছে, এবারে হালচাল দেখে, এটাই বোধহয় শেষ শহিদ দিবস। তারপর আর তৃণমূল শহিদ হবে। ২৬শে আর ওরা শহিদ দিবস করার সুযোগ পাবে না।”
এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
দিলীপ বনাম বিজেপি নেতৃত্ব?
গত কয়েক মাস ধরেই রাজ্য বিজেপির বিভিন্ন কর্মসূচিতে দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে দলীয় অন্দরেই শুরু হয়েছিল গুঞ্জন। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় তাঁর অনুপস্থিতি চোখে পড়ে। এমনকী ৩ জুলাই রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানেও তিনি ছিলেন না। এর জেরে দিলীপ বনাম বঙ্গ বিজেপি সম্পর্ক আরও জটিল হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
তবে এই সব প্রশ্নের জবাব যেন সোমবার নিজেই দিলেন দিলীপ। জানিয়ে দিলেন, ২৬ জুলাই তিনি থাকছেন খড়গপুরে বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি সভায়। এবং সেখান থেকেই বার্তা,
“শহিদরা কংগ্রেসের, তৃণমূল লুঠ করেছে। লুঠের দল, ওদের কোনও কনট্রিবিউশন নেই। আজ যারা নেতা হয়ে খাচ্ছে, লুঠছে—তারা শহিদদের সঙ্গে কী সম্পর্ক?”
পটভূমি: শহিদ দিবসের রাজনীতি ও মালিকানা
১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। সেই ঘটনার স্মরণেই প্রতি বছর শহিদ দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই ইতিহাস নিয়েও এবার ফের প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,
“অন্য কেউ ২১ জুলাই পালন করতেই পারে। ওই শহিদরা কংগ্রেসের। তৃণমূল তাদের লুঠ করেছে।”
রাজনৈতিক বার্তা স্পষ্ট: শহিদ দিবসের মঞ্চ থেকে ‘লড়াই’-এর মঞ্চে ফিরছেন দিলীপ ঘোষ।







