একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত তৃণমূল কংগ্রেসের সভা শেষে ফেরার পথে একটি ভিডিও ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সেই ভিডিওতে দাবি করা হয়েছে, উত্তর ২৪ পরগনার কাশেমপুর এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা অমল কুমার বিষ্ণু, সভা থেকে ফেরার সময় বাসের মধ্যে কিছু সাধারণ মানুষকে নগদ টাকা বিতরণ করছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, অমলবাবু বাসে উপস্থিত কয়েকজন ব্যক্তিকে ১০০ ও ২০০ টাকার নোট দিচ্ছেন। যদিও এই ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিও সামনে আসতেই বিজেপি ও সিপিএম তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগে। বিজেপির আমডাঙা ব্লকের সভাপতি সমরজিৎ ঘোষ বলেন, “মানুষ আর স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের ডাকে সাড়া দিচ্ছে না। তাই টাকা দিয়ে সভায় নিয়ে যেতে হচ্ছে। রাজনৈতিক প্রতিপত্তি হারাচ্ছে তৃণমূল।” তাঁর আরও দাবি, অনেকে বাধ্য হয়ে গিয়েছেন, কারণ না গেলে ভবিষ্যতে সমস্যা হতে পারত।
সিপিএম নেতা হাবিব আলির বক্তব্য, “এই ভিডিও তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃত চিত্র তুলে ধরছে। শুধু টাকা নয়, নানা ধরনের লোভ দেখিয়ে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে।”
অন্যদিকে, অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন অমল কুমার বিষ্ণু। তাঁর দাবি, ” এই ভিডিও উদ্দেশ্যপ্রণোদিত এবং মনগড়া। দত্তপুকুর অঞ্চলের কোনও বাসে এই ধরনের কিছু ঘটেনি। বিরোধীরা মিথ্যা প্রচার চালাচ্ছে আমাদের ভাবমূর্তি নষ্ট করতে।” তাঁর কথায়, তৃণমূল কর্মীরা আদর্শনিষ্ঠ, তাঁদের অর্থের বিনিময়ে কেনা যায় না।
স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়াও বিভাজিত। কেউ এই ঘটনাকে রাজনীতির অপসংস্কৃতি বলে মনে করছেন, আবার কেউ বলছেন, “এই ধরনের ঘটনা নতুন নয়, রাজনীতিতে এ তো হয়ই।” তবে এই ইস্যুতে এখনো পর্যন্ত তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও তৃণমূলের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।
উল্লেখ্য, ভিডিওর সত্যতা যাচাই হয়নি।







