মোবাইলে এল একটি মেসেজ, আর মুহূর্তেই বদলে গেল গোটা পরিবেশ! অ্যাকাউন্টে ঢুকেছে ৩ হাজার টাকা। সেই আনন্দে কেউ হাসছেন, কেউ আবেগে চোখের জল মুছছেন, আবার কেউ মাটির ঘট নিয়ে আবির খেলায় মেতে উঠেছেন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার পর এমনই ছবি দেখা গেল।
মাস পড়তেই অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। টাকা জমা পড়ার খবর পেতেই বাইলানি বাজারের একাংশ মহিলা কার্যত উৎসবের মেজাজে মেতে ওঠেন। নিজেদের মধ্যে মিষ্টিমুখ করার পাশাপাশি পথ চলতি মানুষদেরও মিষ্টি খাওয়ান তাঁরা।
উপভোক্তা নীলিমা গিরি বলেন, “মেসেজ এসেছে, তিন হাজার টাকা ঢুকেছে। আমরা খুব খুশি। সেই আনন্দেই মিষ্টিমুখ করাচ্ছি।”
আর এক মহিলা জানান, দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ তাঁর ফোনে টাকা ঢোকার মেসেজ আসে। খবরটি পেতেই আনন্দে তিনি অন্যদের সঙ্গে সেই খুশি ভাগ করে নিতে চলে আসেন।
এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও। তাঁদের বক্তব্য, যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে। তাই এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই।
জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার আওতায় প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা। আর সেই টাকা হাতে পাওয়ার পরই হিঙ্গলগঞ্জে দেখা গেল অন্যরকম এক ছবি—৩ হাজার টাকার মেসেজ ঘিরে মিষ্টি, আবির আর উচ্ছ্বাসে যেন ছোটখাটো উৎসব!






