সামাজিক মাধ্যমে আলাপ, প্রেমের অভিনয় এবং তারপর ঘনিষ্ঠতা – সবকিছুই ছিল পরিকল্পনার অঙ্গ! কিন্তু শেষমেশ পরিবারের সতর্কতায় ধরা পড়ে গেল মূলচরিত্র। কোচবিহার বাস টার্মিনাস থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ, যুবকের নাম এজাউল হক।
সূত্রের খবর, বছর চব্বিশের এক বিবাহিত যুবতীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ওই যুবকের। যুবতীর পৈতৃক বাড়ি বামনহাটে, আর শ্বশুরবাড়ি মাথাভাঙ্গায়। কথোপকথন থেকে বন্ধুত্ব, আর সেখান থেকে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এরপর ওই যুবক কেরালায় যাওয়ার প্রস্তাব দেয় এবং সেখানে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেয়।
তবে ঘটনার মোড় ঘুরিয়ে দেন যুবতীর বৌদি। সব কিছু জানতে পেরে বৌদি তাঁর মোবাইল ফোন নিজের হেফাজতে রে খে দেন এবং পরিকল্পনা করেন যুবকের সঙ্গে দেখা করার। ঠিক যুবকের নির্দেশ মতো বাস টার্মিনাসে যাওয়া হয়। কিন্তু সেখানে যুবতীকে না পেয়ে এবং সামনে দাদা–বৌদিকে দেখে পালানোর চেষ্টা করে যুবক। ততক্ষণে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। ধাওয়া করে তাঁকে ধরে ফেলে স্থানীয়রা ও তুলে দেয় পুলিশের হাতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সেই অর্থ কোথা থেকে এসেছে জানতে চাইলে, এজাউলের দাবি – সে নাকি লটারি জিতেছে! কিন্তু পুলিশ তার বক্তব্যে অসঙ্গতি খুঁজে পেয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ওই যুবক কোনও মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত কি না এবং আদৌ ওই যুবতীকে কোথায় নিয়ে যাওয়ার ছক ছিল তার।







