অমর্ত্য সেন , দেব , সৌমিতৃষার পর এসআইআরের শুনানি প্রক্রিয়াতে ডাক পেলেন প্রাক্তন সাংসদ এবং টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। জানা গেছে, ৩১ জানুয়ারি শুনানি কেন্দ্রে উপস্থিত হতে হবে অভিনেত্রীকে। এর আগে এসআইআরের শুনানি প্রক্রিয়াতে ডাক পেয়েছিলেন বহু রাজনৈতিক নেতা-নেত্রী থেকে টলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রীরা । এবার হিয়ারিংয়ে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এসআইআরে ডাক পেয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মিমি চক্রবর্তী । তিনি জানিয়েছেন, “হ্যাঁ আমার কাছে SIR-এর যাওয়ার নোটিশ এসেছে। আমি ৩১ জানুয়ারি অবশ্যই যাব। আমার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কসবা। যেখানে আমি ভোট দিই। সেখানেই হয়তো যেতে হবে। যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে। সবকটাই নিয়ে যাব।” প্রসঙ্গত, সালটা ২০১৯ , মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজনীতিতে পা রাখেন মিমি চক্রবর্তী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছিল অভিনেত্রীকে।
সেই নির্বাচনে রেকর্ড মাত্রায় জয়লাভ করেন মিমি। এরপর থেকে রাজনীতিতে তেমন সক্রিয় হতে দেখা যায়নি মিমিকে। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মিমি চক্রবর্তী লোকসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে সক্রিয়ভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত মিমি চক্রবর্তী। একের পর এক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। শুক্রবার মিমির অভিনীত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ নতুন ছবি মুক্তিলাভ করেছে।







