খবর আগেই এসেছিল।এবার সেই খবরে সীলমোহর দিল রাজ্য সরকার। জাতীয় সড়ক, রাজ্যের হাইওয়ে এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনি টোটো-অটো ও তিন চাকার যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে নোটিফিকেশন জারি হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
এই নোটিফিকেশনে বলা হয়েছে , বেআইনি গাড়ি চলাচলের জন্য এইসব রাস্তায় নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা। তাছাড়াও বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে জেলা পুলিশ,ও প্রশাসনকে। এরপরেও যদি বেআইনি যান রাস্তায় চলাচল করে তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিধানসভায় এই বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন বিধানসভায় আলোচনা করা হয়, বাসে যাত্রী সংখ্যা বাড়ানোর বিষয়ে। পরিবহন মন্ত্রী বলেছিলেন, “প্রচুর ছোট গাড়ি গত দশ বছরে রাস্তায় নেমেছে। আমরা রাস্তায় দেখতে পাই প্রচুর অটো, ই-রিকশা, লোকাল টোটোও। এই যানবাহনগুলি চালিয়ে শত শত যুবক জীবিকা নির্বাহ করছেন।
আর স্থানীয় যাত্রীরা এগুলিতেই বেশি যাতায়াত করছেন। লং রুটের বাসগুলি এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের সাথে কথা বলতে বলেছি, যাতে এমন কোন ব্যবস্থা করা হয় এই সমস্ত যানগুলি যাতে নির্দিষ্ট রাস্তাতেই চলাচল করে। “







