ভারতীয় ফুটবলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ক্লাব ওড়িশা এফসি বর্তমানে গভীর সংকটের মুখে। নবীন পট্টনায়েক সরকারের বিদায়ের পর রাজ্যের নতুন সরকার ওড়িশা এফসির প্রতি আর্থিক পৃষ্ঠপোষকতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) সামনের মরশুমে ওড়িশা থেকে কোনও দল থাকবে কি না, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দিল্লি ডায়নামোস হিসেবে ২০১৪-তে যাত্রা শুরু করা ক্লাবটি ২০১৯ সালে ওড়িশায় স্থানান্তরিত হয়। নবীন পট্টনায়েকের সরকার শুধু বিনামূল্যে কলিঙ্গ স্টেডিয়ামই দেয়নি, বরং খেলোয়াড়দের থাকা, পরিবহন, এবং অন্যান্য আর্থিক চাহিদা মেটানোর দায়ভারও নিয়েছিল। সরকারের এই পদক্ষেপের পেছনে ছিল ওড়িশায় ফুটবলের প্রসার ঘটানোর অভিপ্রায়।
কিন্তু ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত ক্লাবটি রাজ্যের ফুটবল উন্নয়নে কোনো উল্লেখযোগ্য অবদান রাখেনি। ক্লাবের নিজস্ব কোনো যুব অ্যাকাডেমি নেই, নেই বয়সভিত্তিক দলও। এমনকি, ওড়িশার স্থানীয় ফুটবলারদের দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগও নেওয়া হয়নি। এসব কারণেই বর্তমান সরকার ওড়িশা এফসির প্রতি আর্থিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ওড়িশা এফসিকে এখন হয় সম্পূর্ণ আর্থিক দায়ভার নিজেদের হাতে নিতে হবে, নয়তো নতুন ভেনু খুঁজতে হবে। অনেকেই মনে করছেন, ক্লাবটি ফের দিল্লি ফিরে যাবে বা অন্য কোনও রাজ্যে স্থানান্তরিত হবে। তবে নিশ্চিতভাবেই বলা যায়, এই সিদ্ধান্ত ওড়িশা ফুটবলের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
সরকারের এই সিদ্ধান্ত কি ওড়িশা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সঠিক পদক্ষেপ, নাকি এর ফলে আরও পিছিয়ে পড়বে রাজ্যের ফুটবল, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।







