বিনোদন

শুভশ্রীকে ঘিরেই কি দেবের ‘এমনি’? জানালেন নায়ক, কী কথা হয় ওঁদের মধ্যে

নিজের ছবি বা ভিডিও পোস্ট করলেই ক্যাপশন হিসেবে প্রায়শই একটি শব্দ ব্যবহার করেন দেব—‘এমনি’। একটিমাত্র শব্দ, কিন্তু এই ‘এমনি’ ঘিরেই তৈরি হয়েছে ট্রোল, মিম, আর হাজারো কৌতুক। বহুজনের কৌতূহল, কেন বারবার একই শব্দ দেন নায়ক?

সম্প্রতি অভ্র রায়কে দেওয়া এক সাক্ষাৎকারে দেব নিজেই জানালেন এর পেছনের গল্প। ওই সাক্ষাৎকারে তাঁকে দেখানো হয় একটি ভাইরাল ভিডিও, যেখানে তাঁর একাধিক ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট দেখানো হয়েছে—সবেতেই ক্যাপশন ‘এমনি’। তারপরই ‘চ্যালেঞ্জ’ ছবির একটি বিখ্যাত দৃশ্য যোগ করা হয়, যেখানে শুভশ্রী দেবের প্রশ্নের জবাবে বলেন, “এমনি”। সেই দৃশ্য থেকেই মজার ইঙ্গিত, দেবের ‘এমনি’ শুভশ্রীর থেকেই অনুপ্রাণিত।

কিন্তু বাস্তবটা অন্যরকম। দেব স্পষ্ট জানান, “রুক্মিণী খুব ভালো ইংরেজি লেখে। ওর লেখা লম্বা ক্যাপশন পড়ে ভাবলাম—মানুষ এত বড় লেখে, পড়ে কে? আমি একদিন ছবি পোস্ট করতে গিয়ে গুগলে ক্যাপশন খুঁজছিলাম। পেলাম একটা লম্বা কবিতা। মনে হল, এটা আমার চরিত্রের সঙ্গে যায় না। রুক্মিণী তখন পাশে বসে, ও জিজ্ঞেস করে, ‘কি লিখতে চাও?’ আমি বলি, ‘এমনি’। তখন ও বলে, ‘তাহলে তাই লেখো!’ সেখান থেকেই শুরু ‘এমনি’র যাত্রা।”

নায়ক আরও মজার ছলে বলেন, “সব সময় ভাবি কেন পোস্ট করছি! অনেক সময় এমনি করেই পোস্ট করি। পরে দেখলাম আমি যখন ‘এমনি’ দিই না, তখন মানুষ খোঁজ করে—‘এমনি’ গেল কোথায়? তখন আবার শুরু করলাম!”

দেবের মতে, এই ‘এমনি’ একেবারেই স্বতঃস্ফূর্ত, ভেবে তৈরি নয়। অথচ, এটাই হয়ে উঠেছে তাঁর অনন্য পরিচয়। সোশ্যাল মিডিয়ায় ‘এমনি’ এখন যেন দেবের ট্রেডমার্ক!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.