আইপিএলে এক মরশুমে নজরকাড়া পারফরম্যান্সের পরেই ৬ কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু চোট, চুক্তি ভাঙা মামলা এবং ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তোষ—সব মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশায় পড়েছেন নীতীশ কুমার রেড্ডি। সূত্রের খবর, হয়তো আর হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে না এই তরুণ অলরাউন্ডারকে।
নীতীশের পারফরম্যান্স নিয়ে দলীয় কর্তৃপক্ষের বিশেষ আপত্তি নেই। বরং তিনি নিজেই নাকি দল ছাড়তে চান। কারণ, তাঁকে মূলত ব্যাটার হিসেবে খেলানো হচ্ছে, যেখানে তিনি নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া। গত আইপিএলে ১৩টি ম্যাচ খেলে মাত্র ৫ ওভার বল করার সুযোগ পেয়েছেন তিনি। অথচ ব্যাটিংয়ে প্রায় প্রতি ম্যাচেই নামতে হয়েছে ৬ বা ৭ নম্বরে। যেখানে মূল ব্যাটার হিসেবে খেলেছেন ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন ও হেনরিক ক্লাসেন।
এদিকে, লর্ডস টেস্টে চোট পেয়ে দেশে ফিরে আসার পর নতুন করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তাঁর প্রাক্তন ম্যানেজমেন্ট সংস্থা দিল্লি হাইকোর্টে মামলা করেছে, পাঁচ কোটি টাকা বকেয়া থাকার অভিযোগে। যদিও নীতীশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল নির্দিষ্ট নিয়ম মেনেই।
সব মিলিয়ে, মাঠের বাইরের পরিস্থিতিও নীতীশের ভবিষ্যৎকে কঠিন করে তুলছে। পরবর্তী নিলামে তিনি কোন দলে যান, কিংবা আদৌ দল পান কি না, তা নিয়েই এখন কৌতূহল তুঙ্গে।







