নিজস্ব সংবাদদাতা, ডুয়ার্স: রেললাইনের ওপর দাঁড়িয়ে এক বিশাল হাতি। ট্রেন এগিয়ে আসছে ফুল গতিতে। আর ঠিক সেই মুহূর্তে চালক ও সহকারী চালকের তৎপরতায় রক্ষা পেল এক নিরীহ প্রাণ।
ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বাগরাকোট ও সেবক স্টেশনের মাঝে, ৭২/৩ নম্বর পিলারের কাছে। শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিট নাগাদ কাঞ্চনকন্যা এক্সপ্রেস সেই লাইনে প্রবেশ করে। ট্রেন চালক উত্তম বড়ুয়া ও সহকারী চালক শুভজিৎ কার্জি হঠাৎই দেখতে পান, একটি পূর্ণবয়স্ক হাতি রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে।
সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। দ্রুত জরুরি ব্রেক কষে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। হাতিটি কিছুক্ষণ স্থির থাকলেও, পরে ধীরে ধীরে নেমে যায় জঙ্গলের দিকে। তারপরেই পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
পরিবেশপ্রেমীরা বলছেন, “এটি নিঃসন্দেহে এক মানবিক দৃষ্টান্ত। সামান্য ভুলে প্রাণ হারাতে পারত হাতিটি। কিন্তু চালকদ্বয়ের সচেতনতা এবং দ্রুত সিদ্ধান্ত একটি বড় দুর্ঘটনা এড়িয়ে দিল।”
উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল একটি হাতির। সেই স্মৃতি এখনো টাটকা। তার মাঝেই ডুয়ার্সে এই ঘটনা পরিবেশপ্রেমী মহলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।
রেল সূত্রের খবর, ডুয়ার্স অঞ্চলে বন্যপ্রাণ চলাচলের রুটগুলি চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
রেল কর্তৃপক্ষের দায়িত্ব, পরিবেশপ্রেমীদের আবেদন— রেল ও বন্যপ্রাণ যেন একে অপরের বিপদ না হয়, বরং সহাবস্থানেই মেলে ভবিষ্যতের পথ।







