সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্করের কিছু মন্তব্য ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে রক্তের রঙ দেখানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য,”ঋতুস্রাব বোঝাতে লাল রং দেখানোর কী দরকার? সমাজ এগোচ্ছে না পিছোচ্ছে বোঝা যাচ্ছে না।” শুধু তাই নয়, নারীদের প্রয়োজনীয় জিনিসপত্রের বিজ্ঞাপন আলাদা করে দেখানোর যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
তিনি জানান, টেলিভিশনে এমন বিজ্ঞাপন চলাকালীন তিনি অস্বস্তি বোধ করেন এবং বাবার বা ছেলের সামনে এ বিষয়ে আলোচনা করা তাঁর পক্ষে সম্ভব নয়। এমনকি ‘ব্যাড টাচ গুড টাচ শেখানো’ নিয়েও তাঁর আপত্তি রয়েছে। এই মন্তব্যের পরেই সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে বলেন,”সমাজ এগোলেও তাঁর চিন্তাভাবনা পিছিয়ে আছে।” এই পরিস্থিতিতে তাঁর ভাইঝি, নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। কারও নাম না নিলেও ইঙ্গিত স্পষ্ট। তিনি লেখেন,”বংশগৌরব বা প্রতিভা নয়, মানুষের চিন্তাভাবনা ও বিশ্বাসই তাঁকে চেনায়। অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেননি, তাই তাঁরা তিক্ত হয়ে পড়েন।”
এই পোস্ট ঘিরে আবার নতুন করে উত্তাল নেটমাধ্যম। শ্রীনন্দার বক্তব্যের সঙ্গে অনেকেই সহমত প্রকাশ করেছেন। কেউ লিখেছেন,”একঘর খোঁচা,” আবার কেউ বলছেন,”আপনার দিকেই থাকলাম, কারণ আপনি সময়ের সঙ্গে চলেন।” এর আগেও মমতা শঙ্কর ‘ডান্স বাংলা ডান্স’-এর একটি পর্বে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। চণ্ডালিকা-র নৃত্য উপস্থাপনায় হিন্দি গানের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। যদিও পরে ভিডিও বার্তায় জানান, তাঁর আপত্তির অংশটি সম্প্রচারে বাদ দেওয়া হয়েছে। মমতা শঙ্করের ধারালো মন্তব্য ও তার প্রতিক্রিয়ায় ভাইঝির ঘুরিয়ে জবাব, এই পারিবারিক দ্বন্দ্ব ঘিরে আলোচনা এখন তুঙ্গে।







