দেশ

বেড়েই চলেছে বিদেশি ঋণের চাপ, ধাক্কা খাচ্ছে ব্যাংকিং খাত স্পষ্ট অর্থনৈতিক উদ্বেগ –

একদিকে যখন কেন্দ্রীয় সরকার এবং বাণিজ্য মন্ত্রক দাবি করছে দেশের অর্থনীতি মজবুত হচ্ছে, FDI এবং রপ্তানি বাড়ছে সেই বক্তব্যের সঙ্গে সঙ্গতি না রেখেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সাম্প্রতিক মাসিক ইকনমিক রিভিউ সামনে এনেছে এক ভিন্ন বাস্তবতা। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের জুনে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ৬৬ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে, অর্থাৎ ২০২৫ সালের জুনে সেই ঋণ বেড়ে হয়েছে ৭৩ হাজার ৩০০ কোটি ডলার। অর্থাৎ এক বছরে বৃদ্ধি প্রায় ৭ হাজার কোটি ডলার। জিডিপির তুলনায় এই ঋণের অনুপাত ১৮.৫ শতাংশ থেকে বেড়ে ১৯ শতাংশ ছাড়িয়েছে।

এই বৃদ্ধি আংশিকভাবে ব্যাখ্যা করা হয়েছে ডলারের তুলনায় টাকার পতন দিয়ে। টাকার মান কমে যাওয়ায় বিদেশি ঋণের পরিমাণ বাড়তি ৫০০ কোটি ডলার হয়েছে বলে জানিয়েছে ওই রিপোর্ট। শুধু গত এক বছর নয়, ২০১৭ সাল থেকেই ধারাবাহিকভাবে ভারতের বিদেশি ঋণ ঊর্ধ্বমুখী। ২০১৭-তে যেখানে এই ঋণ ছিল ৪০ হাজার কোটি ডলারের কাছাকাছি, সেখানে ২০১৮ সালে তা ৫০ হাজার কোটি ছাড়ায়। তারপর থেকে ঋণের প্রবণতা শুধু বেড়েই চলেছে। রিজার্ভ ব্যাংক একাধিক পদক্ষেপ নিয়েও টাকার পতন থামাতে পারেনি। বর্তমানে এই বিদেশি ঋণের ৫৪ শতাংশ ডলারে, ইউরোর ভাগ মাত্র ৩.২ শতাংশ।

সরকারি হোক বা বেসরকারি, এমনকি আর্থিক সংস্থাগুলিও সবক্ষেত্রেই বিদেশি ঋণের নির্ভরতা বেড়ে চলেছে। বর্তমানে দেশের মোট ঋণ জিডিপির ৮০ শতাংশ। যদিও সরকার দাবি করেছে ২০৩১ সালের মধ্যে তা ৫০ শতাংশে নামানো হবে, কিন্তু সেই লক্ষ্যে কার্যকর কোনো আর্থিক সংস্কার এখনও দৃশ্যমান নয়।

অন্যদিকে, দেশের ব্যাংকিং খাতে ঋণ ও আমানত দুটির প্রবৃদ্ধিই ধীরগতির হয়েছে বলে জানিয়েছে একই রিপোর্ট। জুন মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ব্যাংক থেকে ঋণ নেওয়ার হার কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে, যেখানে গত বছর তা ছিল ১৪ শতাংশ। আমানতের প্রবৃদ্ধিও একইভাবে কমেছে। জনগণের মধ্যে ব্যাংকে টাকা রাখার আগ্রহ এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা দুটোই কমে যাওয়ায় আর্থিক সঞ্চালন শ্লথ হয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিসংখ্যানগুলি অর্থনীতির স্বাস্থ্যের উপর এক ধরনের সতর্কতা হিসেবে দেখা যেতে পারে, যা নীতিনির্ধারকদের আরও সতর্ক পদক্ষেপ গ্রহণে বাধ্য করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.