শিক্ষক নিয়োগে অবশেষে স্বস্তির খবর। জাতিগত ক্যাটাগরি সংশোধনের সুযোগ ফের চালু করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদের আবেদনকারীরা ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত নিজেদের সংরক্ষিত শ্রেণি সংশোধন করতে পারবেন। OBC (A ও B), SC কিংবা ST— যেকোনও উপযুক্ত ক্যাটাগরিতে তথ্য আপডেটের সুযোগ মিলবে এবার।
কমিশনের এই পদক্ষেপে হাঁফ ছেড়ে বেঁচেছেন বহু চাকরিপ্রার্থী। কারণ, সম্প্রতি সংরক্ষণ সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার কারণে WBSSC প্রথমে নির্দেশ দিয়েছিল, সবাইকেই আপাতত ‘জেনারেল’ ক্যাটাগরিতে আবেদন করতে হবে। ফলে সংরক্ষিত শ্রেণিভুক্ত বহু প্রার্থী তাঁদের প্রকৃত ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে না পারায় উৎকণ্ঠায় ছিলেন।
তবে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের ভিত্তিতে এবার ফের সংশোধনের দরজা খুলেছে। কমিশনের বক্তব্য, অনেকেই হয়তো প্রথমে ভুলবশত, আবার কেউ কেউ পরিস্থিতির চাপে সঠিক ক্যাটাগরি উল্লেখ করতে পারেননি। এবার তাঁরাও নথিপত্র দেখে নিজেদের সংরক্ষিত শ্রেণিতে নথিভুক্ত করতে পারবেন।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু শিক্ষক পদপ্রার্থী। তাঁদের মতে, এটি শুধু আবেদন সংশোধনের সুযোগ নয়, বরং একপ্রকার বিশ্বাস পুনরুদ্ধারের প্রক্রিয়া। কারণ বিগত এক দশকে শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে হয়েছে একের পর এক বিতর্ক, আদালতের হস্তক্ষেপ, প্যানেল বাতিল, ও হাজার হাজার প্রার্থীর প্রতীক্ষা। এখনও ২০১৬ সালের দুর্নীতির রেশ কাটেনি। তখন প্রায় ২৬ হাজার পদ বাতিল করেছিল আদালত।
তারই মাঝে গত ৩০ মে WBSSC প্রকাশ করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইন আবেদনের প্রক্রিয়া চলে ২১ জুলাই পর্যন্ত। রাজ্যজুড়ে লক্ষাধিক আবেদন পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে, যা প্রমাণ করে, আজও শিক্ষকতার চাকরি মানেই বহু তরুণ-তরুণীর কাছে স্থায়ী ভবিষ্যতের স্বপ্ন।
যা জানার দরকার:
সংশোধনের সময়সীমা: ৫ আগস্ট – ১১ আগস্ট, ২০২৫
যেখানে সংশোধন করবেন: WBSSC-র অফিসিয়াল ওয়েবসাইট
সংশোধনযোগ্য ক্যাটাগরি: SC / ST / OBC (A/B)
কমিশনের ওয়েবসাইটে নির্ধারিত লগইন করে প্রয়োজনীয় নথি অনুযায়ী সংশোধন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







