কলকাতা

কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য! কাচ ভেঙে পালানোর চেষ্টা বাংলাদেশি যুবকের, গ্রেফতার করল পুলিশ

কলকাতা: শুক্রবার দুপুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। সিঙ্গাপুর থেকে আসা বছর পঁচিশের এক বাংলাদেশি যুবক আচমকাই টার্মিনালের কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেন। সিআইএসএফ-এর তৎপরতায় আটক করা হয় ওই যুবককে। পরে তাঁকে তুলে দেওয়া হয় এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ।

ধৃতের নাম মোহাম্মদ আশরাফুল, বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। কাজের সূত্রে দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে থাকেন বলে জানা গেছে।
সূত্রের খবর, শুক্রবার দুপুরে একটি বিমানে করে সিঙ্গাপুর থেকে কলকাতায় নামেন আশরাফুল। এরপর তাঁর ঢাকায় ফেরার কথা ছিল ট্রানজিট হয়ে। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজিট লাউঞ্জে বসে থাকার সময় আচমকাই তিনি লাউঞ্জের কাচ ভেঙে বাইরে পালানোর চেষ্টা করেন।

ঘটনার পরপরই সিআইএসএফ তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে যুবকের কথাবার্তায় ধরা পড়ে একাধিক অসংলগ্নতা। তদন্তকারী সূত্রে খবর, আশরাফুল দাবি করেন— “আল্লাহ তাঁকে বলেছে সূর্যের আলোই তাঁর শক্তি বাড়াবে।” এই মন্তব্যের পরই নিরাপত্তা আধিকারিকদের সন্দেহ আরও ঘনীভূত হয়।

সন্ধ্যের দিকে তাঁকে এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কী কারণে ওই যুবক এমন কাণ্ড ঘটালেন, মানসিক ভারসাম্য ঠিক আছে কি না, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য— তা খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ।

সূত্রে: আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যেই তাঁর পরিচয় ও অতীত খতিয়ে দেখতে শুরু করেছে তদন্তকারী দল। প্রয়োজনে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.