কাশ্মীরের অরণ্যে ফের শ্বাসরুদ্ধকর অভিযান। মাত্র কয়েক দিন আগেই ‘অপারেশন মহাদেব’-এ তিন জঙ্গির খতম। আর এবার, কুলগাঁওয়ের অখল গ্রামে ফের শুরু ভারতীয় সেনার জঙ্গি-বিধ্বংসী মিশন — ‘অপারেশন অখল’।
শুক্রবার রাতভর টানা গুলির লড়াই। শনিবার সকালে সেনার তরফে জানানো হয়েছে, এক জঙ্গি নিহত হয়েছে। অভিযান চলছে এখনও। সেনার কথায়, “সারা রাত চলে গুলির লড়াই। জওয়ানরা এক মুহূর্তের জন্যও পিছিয়ে যাননি।”
সূত্র বলছে, কুলগাঁও জেলার অন্তর্গত অখল নামের এক ছোট্ট গ্রামে জঙ্গিদের গোপন আস্তানার খবর পেয়ে অভিযান শুরু করে সেনা। চিনার কোরের নেতৃত্বে “অপারেশন অখল”-এর সূচনা হয় শুক্রবার গভীর রাতে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জওয়ানদের একটি দল পৌঁছে যায় ওই এলাকায়।
অভিযানের শুরুতেই জঙ্গিদের গুলির মুখে পড়ে বাহিনী। রাত পেরিয়ে সকাল। গুলির লড়াই থামেনি এখনও। সেনার পক্ষ থেকে বলা হয়েছে, “ফাঁদ আরও শক্ত হচ্ছে। পুরো এলাকাই এখন কড়া নজরদারিতে। যোগাযোগ রাখা হচ্ছে সব ইউনিটের সঙ্গে”
এই ঘটনার পেছনে রয়ে গেছে কয়েক মাস আগের রক্তাক্ত স্মৃতি। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল ২৬ জনের। তারই বদলা নিতে শুরু হয় ‘অপারেশন মহাদেব’। সেনার গুলিতে খতম করা হয় ওই হামলার মূল চক্রী সুলেমন ওরফে আসিফকে। নিহত হয় তার দুই পাকিস্তানি সঙ্গী — জিব্রান ও হামজ়া আফগানি।
‘অপারেশন মহাদেব’-এর ঠিক পরেই এবার সেনা নামল আরও এক ভয়ঙ্কর অভিযানে — ‘অপারেশন অখল’।
গোপন ডেরায় লুকিয়ে থাকা জঙ্গিরা কী আবার বড়সড় হামলার ছক কষছিল?
নিহত জঙ্গির পরিচয় এখনও প্রকাশ হয়নি।
তবে সূত্র বলছে, এই অভিযানেও মিলতে পারে পহেলগাঁও কাণ্ডের আরও রহস্যের চাবিকাঠি।
তবে প্রশ্ন উঠছে—এই কি কেবল শুরু?
কাশ্মীরের আকাশে ফের অশনি সঙ্কেত?
নজর গোটা দেশের নিরাপত্তা সংস্থার উপর।







