কলকাতা: ফের কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ফুটবল বিশ্বের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ ১৩ বছর পর ফের আসছেন ভারত সফরে, তবে এ বার আর তরুণ প্রতিভা হিসেবে নয়—বরং বিশ্বজয়ের গৌরবমণ্ডিত ক্যাপ্টেন হিসেবে। সফরের সূচনা হবে কলকাতা থেকেই।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ১২ ডিসেম্বর রাতে কলকাতায় নামবেন মেসি। সূত্রের দাবি, “সব কিছু প্রস্তুত। কেবলমাত্র অফিসিয়াল ঘোষণার অপেক্ষা।” এবার শহরে তাঁর থাকার সময়সীমাও তুলনায় বেশি—দু’দিন, এক রাত।
কলকাতায় তাঁর মূল কর্মসূচিগুলির মধ্যে অন্যতম:
১৩ ডিসেম্বর, শ্রীভূমি—বিশ্বের সবচেয়ে বড় (৭০ ফুট) লিওনেল মেসির মূর্তির উদ্বোধন করবেন তিনি। উদ্যোক্তাদের দাবি অনুযায়ী, এটাই পৃথিবীর বৃহত্তম মেসি মূর্তি হতে চলেছে।
ইডেন গার্ডেন্স, GOAT Cup—এরপর মেসি অংশ নেবেন ‘GOAT Cup’-এ, যেখানে তিনি খেলবেন একটি সেভেন-এ-সাইড সফ্ট টাচ ফুটবল ম্যাচে। উপস্থিত থাকবেন ভারতের কিংবদন্তি ক্রীড়াবিদরা—সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম, বাইচুং ভুটিয়া সহ আরও অনেকে। ইডেনের এই ইভেন্টের জন্য টিকিট পাওয়া যাবে সাধারণ দর্শকদের জন্যও। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেসি এর আগেও কলকাতায় এসেছিলেন, ২০১১ সালে, যখন যুবভারতী ক্রীড়াঙ্গনে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ। কিন্তু এবারের সফরের তাৎপর্য অনেক গভীর—এবার তিনি আসছেন একজন বিশ্বজয়ী কিংবদন্তি হিসেবে।
এই সফরের মাধ্যমে মেসি ও কলকাতার সম্পর্ক আরও গভীর হতে চলেছে বলে মনে করছেন ক্রীড়া মহলের বিশিষ্টজনেরা। শহর জুড়ে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা, ফুটবলপ্রেমীরা দিন গুনছেন সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য।







