বিজেপির অভ্যন্তরে ফের অস্বস্তির সুর। এবার সরাসরি প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চে যাঁরা ছিলেন তাঁদের অধিকাংশই দলবদল করে আসা নেতা। শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, সজল ঘোষ—“আর কত নাম বলব! এঁরা কি বিজেপি? যাঁদের বিরুদ্ধে বিজেপি লড়াই করেছে, আজ তাঁদের নিয়েই সভা সাজানো হচ্ছে”—বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের।
প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে হতাশাও গোপন রাখেননি তিনি। দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রীর সভায় এত কম লোক! আমরা নিজেরা মিছিল-মিটিং করলে এর থেকেও বেশি মানুষ আসেন। সভায় হয়তো পাঁচ হাজার লোকও হয়নি। দর্শকদের মধ্যে কারও মধ্যে উচ্ছ্বাস নেই, সকলে গল্প করছে। এভাবে কি আন্দোলন হয়?”
২০১৯ লোকসভা ও ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপিকে সবচেয়ে বড় সাফল্য এনে দেওয়া রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। সেই অভিজ্ঞতা থেকেই বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি জানান—“এবারের লড়াই আসলে ২০২১-এর আসন ধরে রাখার লড়াই। কর্মী-সমর্থকেরা আর কোনো স্বপ্ন দেখছেন না।”
দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্য বিজেপির ভেতরে কি সত্যিই ভাঙন বাড়ছে? নাকি এটি কেবলমাত্র ক্ষোভের বহিঃপ্রকাশ—তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।







