ওভালের রুদ্ধশ্বাস জয় শুধু এক ঐতিহাসিক টেস্ট সিরিজ় ড্র করার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্নকেও উজ্জ্বল করে তুলল। মহম্মদ সিরাজের দুরন্ত বোলিং এবং শুভমন গিলের সাহসী নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে এল ভারত। সরিয়ে দিল স্বাগতিক ইংল্যান্ডকে, পৌঁছে গেল তিন নম্বরে।
এই ছিল দুই দলের প্রথম সিরিজ় এই চক্রে। সমতায় শেষ হওয়া পাঁচ ম্যাচের লড়াইয়ে দু’দলই জিতেছে দুটো করে ম্যাচ, একটিতে ড্র। তবে লর্ডস টেস্টে মন্থর ওভার রেটের জন্য আইসিসি ইংল্যান্ডের দু’পয়েন্ট কেটে নিয়েছে। যার ফলে ২৬ পয়েন্ট ও ৪৩.৩৩ শতাংশ নিয়ে তারা নেমে গিয়েছে চারে। আর ২৮ পয়েন্ট ও ৪৬.৬৭ শতাংশে ভারত উঠে এসেছে তিনে।
তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, যারা ওয়েস্ট ইন্ডিজ়কে হোয়াইটওয়াশ করে ৩৬ পয়েন্ট ও ১০০ শতাংশে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা (৬৬.৬৭ শতাংশ)। অন্যদিকে, বাংলাদেশ (১৬.৬৭ শতাংশ) পঞ্চম স্থানে। ওয়েস্ট ইন্ডিজ় (০ শতাংশ) রয়েছে ছয়ে।
নিউজ়িল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা এখনও নতুন চক্রে খেলেনি, ফলে তাদের স্থান নির্ধারণ হয়নি। এই প্রেক্ষাপটে ভারতীয় দলের এই অগ্রগতি বিশ্ব ক্রিকেটে শক্তি ও ধারাবাহিকতার প্রতীক। সিরিজ় ড্র করেও এই জয় ভবিষ্যতের ফাইনালের দৌড়ে গতি বাড়িয়ে দিল শুভমনদের।







