আজ মঙ্গলবার ইডেনের রোদের তাপে উত্তপ্ত দুপুরে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের সাক্ষী হতে চলেছে ক্রিকেট প্রেমীরা। আইপিএল দুই হাজার পঁচিশে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে ছন্দে থাকা লখনৌ সুপার জায়েন্টস। একদিকে কলকাতার স্পিন আক্রমণ, অন্যদিকে পুরানের বিধ্বংসী ব্যাটিং—এই দ্বৈরথ ঘিরেই তৈরি হচ্ছে উত্তেজনার পারদ।
লখনৌ ব্যাটিংয়ে এখন পুরো ছন্দে। মিচেল মার্শ চার ম্যাচে তিনটি অর্ধশতরান করে দলকে ভরসা জুগিয়েছেন। নিকোলাস পুরান আইপিএলের এই মরসুমে এখনো পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহক। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যর্থ হলেও এডেন মার্কক্রম, আয়ুশ বাদোনি ও ডেভিড মিলার ম্যাচ জেতানো ভূমিকা নেন। তবে এখনও ঋষভ পান্থ তার কাঙ্ক্ষিত ব্যাটিং ফর্ম খুঁজে পাননি। ভারতীয় পেসাররাও ধারাবাহিক। নবাগত দিগ্বেশ রাঠি ইতিমধ্যে উদীয়মান খেলোয়াড়ের তালিকায়।
তবে স্পিন বোলিংয়ের সামনে পড়লেই লখনৌর দুর্বলতা সামনে আসে। আদেন মারক্রাম গত বারো ইনিংসে পাঁচবার স্পিনে আউট। মিচেল মার্শের স্ট্রাইক রেট স্পিনের বিরুদ্ধে ১৯৪ থেকে নেমে আসে ১৩৯-এ। ঋষভ পান্থও লেগস্পিনে গড়ে মাত্র ১৫.৪ রান করেন। কেবল পুরানই ব্যতিক্রম, যিনি স্পিনের বিরুদ্ধে ২০৯ স্ট্রাইক রেটে খেলেন, যদিও সুনীল নারিন তাঁর অন্যতম দুর্বলতা।
এদিকে কলকাতাও ধীরে ধীরে গতি পাচ্ছে। হায়দরাবাদের বিরুদ্ধে রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়ারের খেলা স্পিন সহায়ক উইকেটে দলকে জয় এনে দেয়। অজিঙ্ক রাহানে ও অঙ্কৃশ রঘুবংশী ধারাবাহিকতা দেখাচ্ছেন। ওপেনারদের থেকে আরও ভালো শুরু এবং আন্দ্রে রাসেলের ব্যাটে সময় কাটানোই আপাতত লক্ষ্য।
এই ম্যাচে অতিরিক্ত আবেগও থাকবে কারণ মোহনবাগানপ্রেমীদের একাংশ একদিনের জন্য লখনৌর সমর্থনে থাকেন। দুই দলের মালিকানার এক মিল থাকায় শহরের আবেগ ঘিরে ফেলে ইডেনকে। স্পিন সহায়ক উইকেট, ৩৩ ডিগ্রির গরম আর কলকাতার দর্শকদের উৎসাহ—সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষা।






