বিনোদন

‘পতি পত্নী অর ওহ দো’ নিয়ে আয়ুষ্মান খুরানা ফিরছেন ট্রিপল কনফিউশনে

বলিউডে আবার ফিরছে সেই পুরনো হাসির আমেজ, তবে একেবারে নতুন মোড়কে। ‘ড্রিম গার্ল ২’-এর সাফল্যের পর অভিনেতা আয়ুষ্মান খুরানা আবার বড়োপর্দায় ফিরছেন এক বিশুদ্ধ ফ্যামিলি কমেডি নিয়ে যার নাম ‘পতি পত্নী অর ওহ দো’। পরিচালনায় মুদাস্সর আজিজ, যিনি আগেও ‘হ্যাপি ভাগ জায়েগা’ ও ‘পতি পত্নী অর ওহ’ পরিচালনার মাধ্যমে তাঁর হিউমার সেন্সের পরিচয় দিয়েছেন। এই ছবি যদিও ২০১৯ সালের ‘পতি পত্নী অর ওহ’-এর নাম অনুসরণে তৈরি, তবে একে রিমেক বলা যাবে না। বরং এটি সেই ছবির একটি ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’, যার গল্প একেবারে নতুন ও মৌলিক। আধুনিক যুগের সম্পর্কের জটিলতা, মানসিক দ্বন্দ্ব, রোমান্স এবং প্রচুর কনফিউশন মিশে তৈরি হয়েছে এই ছবির প্লট, যেখানে এক পুরুষ ও তিন নারীর মধ্যেকার সম্পর্কের ওঠা-পড়া হবে গল্পের কেন্দ্রবিন্দু।

ছবিতে আয়ুষ্মানের সঙ্গে থাকছেন তিন ভিন্নধর্মী নায়িকা সারা আলি খান, ওয়ামিকা গাব্বি ও রকুল প্রীত সিং। তিনজনেই আলাদা আলাদা চরিত্রে অভিনয় করছেন, এবং প্রত্যেকের ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ। চরিত্রগুলির মধ্যে ঠান্ডা যুদ্ধ থাকলেও, কেউই খলনায়ক নন। বরং সম্পর্কের জটিল সমীকরণই এই কমেডির আসল মজা। এই কমেডির অন্যতম আকর্ষণ চরিত্রগুলোর কনফিউশন থেকে তৈরি হওয়া হাস্যরস। ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘পতি পত্নী অর ওহ দো’ একটি সিচুয়েশনাল কমেডি, যেখানে বাস্তব জীবনের নানা দুষ্টু-মিষ্টি মুহূর্ত দর্শককে যেমন হাসাবে, তেমনই সম্পর্কের বাস্তব রূপটিও তুলে ধরবে। ছবির নামেই যেমন রয়েছে একটি চটুল টুইস্ট, তেমনই গল্পেও থাকবে একাধিক সারপ্রাইজ ও রসঘন বাঁক। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার ও জুনো চোপড়া, যাঁরা আগেও ‘পতি পত্নী অর ওহ’, ‘লুকা ছুপি’, ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো জনপ্রিয় কমেডি ছবির পেছনে ছিলেন। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে, স্টার্ট-টু-ফিনিশ শিডিউলে। আর মুক্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।

এই কমেডি ছবির কাজ শেষ করেই আয়ুষ্মান সরাসরি যোগ দেবেন সূরজ বরজাতিয়ার পরবর্তী পারিবারিক ছবিতে। জানা যাচ্ছে, সেই ছবিতে তাঁকে দেখা যাবে বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ ঘরানার চরিত্রে। আয়ুষ্মান নিজেই জানিয়েছেন,”পর্দায় প্রেম হওয়া মানে একরকম স্বপ্নপূরণ।” একদিকে হরর-কমেডি ‘থামা’ আসছে দীপাবলিতে, অন্যদিকে ‘পতি পত্নী ঔর ওহ দো’ ও ‘বরজাতিয়া’র পারিবারিক ড্রামা, সব মিলিয়ে বলিউডে আয়ুষ্মানের পরবর্তী বছরগুলি হয়ে উঠতে চলেছে হাসির, সম্পর্কের এবং বাস্তব জীবনের গল্পে ভরপুর এক সোনালি অধ্যায়। বলিউড কি তবে হাসির যুগে ফিরছে? আয়ুষ্মান খুরানার আগামী ছবিগুলো কিন্তু বলছে হ্যাঁ, রীতিমতো ধামাকাদার কনফিউশন নিয়ে ফিরছে কমেডির রাজত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.