কলকাতা

কাউন্টডাউন শুরু! শিয়ালদহ থেকে সেক্টর ৫ যাতায়াতে নতুন গতি আনছে এসপ্লানেড মেট্রো

আগামী ২২ আগস্ট কলকাতা সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সফরের মধ্যেই মিলতে পারে শহরের বহু প্রতীক্ষিত উপহার—শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা। জল্পনা আরও জোরালো হয়েছে, কারণ মঙ্গলবার শহরে এসে পরিদর্শন করলেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার।

সকালে তিনি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন দিয়ে ভূগর্ভে নামেন এবং শিয়ালদহ পর্যন্ত পুরো অংশটি ঘুরে দেখেন। যাত্রী সুরক্ষা, সিগন্যালিং, জরুরি অবস্থায় নির্গমনপথসহ সমস্ত প্রযুক্তিগত দিক খতিয়ে দেখেন তিনি। রেলের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর চেয়ারম্যান আশ্বাস দেন—“খুব শীঘ্রই চালু হবে এই লাইন।”

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের পথে একসময় বউবাজারে দুর্ঘটনার পর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) সেই জটিলতা কাটিয়ে অবশেষে কাজ শেষ করেছে। বর্তমানে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯.২ কিলোমিটার এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটারের রুট আলাদা আলাদাভাবে চালু রয়েছে। মাঝের ২.২ কিলোমিটার অংশের কাজ শেষ হলেই ১৬ কিলোমিটার জুড়ে নিরবচ্ছিন্ন মেট্রো পরিষেবা শুরু হবে। তখন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ সরাসরি যুক্ত হয়ে যাবে।

সোমবারই মেট্রোর ট্র্যাকশন ও রোলিং স্টক বিভাগের আধিকারিক ব্রজমোহন আগরওয়াল শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশের ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থা পরীক্ষা করে গিয়েছেন। এরপর মঙ্গলবার রেল বোর্ডের চেয়ারম্যানের পরিদর্শন ইঙ্গিত দিচ্ছে—ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্ণাঙ্গ চালুর অপেক্ষা আর দীর্ঘ নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.