বিনোদন

‘রক্তবীজ ২’-এর টিজার প্রকাশ, আরও তীব্র অ্যাকশনের আভাস

অবশেষে প্রতীক্ষার অবসান। মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘রক্তবীজ ২’-এর টিজার। আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। টিজারেই ফুটে উঠেছে তারকাদের জমজমাট উপস্থিতি, সঙ্গে গুলি, বোমা, বন্দুকের উত্তেজনাপূর্ণ দৃশ্য। প্রথম ছবির ধারাবাহিকতায় এগোবে গল্প। ভারত-বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন ছবির মূল প্রেক্ষাপট।

যখন দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের পথে, তখনই শুরু হয় নতুন ষড়যন্ত্র, এমনই চিত্র উঠে এসেছে টিজারে। সূত্রমতে, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্র এবারও ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ছায়া বহন করবে। অনুরাগীদের ধারণা, নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়ি সফরের বাস্তব ঘটনা পর্দায় ধরা পড়তে পারে। ২০২৩ সালে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘রক্তবীজ’-এ ভিক্টরের সঙ্গে অভিনয় করেছিলেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এবারও তাঁদের সঙ্গে থাকছেন নতুন সংযোজন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে শীতল খলনায়কের ভূমিকায় ধরা দিয়েছেন অঙ্কুশ, যার বিশ্বাস,”মানুষের থেকে মকসদ বড়ো”।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত সীমা বিশ্বাসও, যাঁকে দেখা যাবে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের আদলে। মিমি ফের দাপুটে পুলিশ কর্তা সংযুক্তার ভূমিকায় এবং আবীর কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার পঙ্কজ হিসেবে পর্দা কাঁপাবেন। প্রযোজনা সূত্রের দাবি, প্রথম ছবির তুলনায় ‘রক্তবীজ ২’ আরও বেশি অ্যাকশন ও চমকপ্রদ ঘটনার মোড়ে ভরপুর। টিজার দেখে দর্শকমহলে কৌতূহল তুঙ্গে। এইবারের পর্দায় কেমন ঝড় তুলবে রাজনৈতিক ষড়যন্ত্র, দেশপ্রেম ও ব্যক্তিগত সম্পর্কের মিশেল, তা সময়ই বলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.