আগামী রবিবার, ১৭ আগস্ট, ডুরান্ড কাপের বহুল প্রতীক্ষিত ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মরশুমে জুনিয়র ডার্বিতে জয়ের স্বাদ পাওয়া লাল-হলুদ শিবির এবার সিনিয়র পর্যায়েও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। সেই লক্ষ্যেই শুক্রবার, ১৫ আগস্ট, অনুশীলনে নেমে পড়েন হেড কোচ অস্কার ব্রুজোঁ। কিন্তু মাঠে দেখা গেল এক চমকপ্রদ উপস্থিতি—জয় গুপ্তা।
গত কয়েকদিন ধরেই দলবদলের বাজারে জয় গুপ্তার গন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। শোনা যাচ্ছিল, এফসি গোয়ার এই প্রাক্তন ডিফেন্ডারের প্রতি আগ্রহ দেখিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টও। তবে অভিষেক টেকচাম সিংয়ের সঙ্গে চুক্তি পাকাপাকি হয়ে যাওয়ায় জয়কে ছেড়ে দেয় গোয়া। সুযোগ হাতছাড়া না করে ইস্টবেঙ্গল তাকে দলে টেনে নেয় রেকর্ড ট্রান্সফারে। সূত্রের খবর, দেড় কোটি টাকার ট্রান্সফার ফি’র পাশাপাশি রয়েছে আরও ১০ লাখ টাকার পারফরম্যান্স বোনাস—যা ভারতীয় ফুটবলে এফসি গোয়ার ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার চুক্তি।
শুক্রবার নেভি ব্লু টি-শার্ট পরে টিম বাস থেকে নেমে সরাসরি অনুশীলন মাঠে প্রবেশ করেন জয়। আসন্ন ডার্বিতে তিনি প্রথম একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে অস্কার ব্রুজোঁ ও ম্যানেজমেন্টের পরিকল্পনায় সবুজ সংকেত মিললে মাঠে তাঁকে দেখা যেতেই পারে।
ডুরান্ড কাপে এখন পর্যন্ত দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল—প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫-০, এরপর নামধারী এফসিকে ১-০ এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে ৬-১ গোলে হারিয়েছে। অপরদিকে, অপরাজিত মোহনবাগানও সমান ফর্মে রয়েছে। ফলে রবিবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ারই ইঙ্গিত মিলছে।







