ভারতীয় ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করল এফসি গোয়া। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (এসিএল টু)-এর গ্রুপ ডি-তে ড্র-তে পড়েছে তারা সৌদি আরবের জায়ান্ট ক্লাব আল নাসরের সঙ্গে। ফলে সম্ভাবনা তৈরি হয়েছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকা ভারতে পা রাখবেন এবং সরাসরি এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবেন।
বুধবার গোয়ার রাতটা ছিল স্বপ্নপূরণের মতো। ওমানের শক্তিশালী ক্লাব আল সিবকে ২-১ গোলে হারিয়ে মূলপর্বে জায়গা নিশ্চিত করে মানোলো মার্কেজের ছেলেরা। ম্যাচে নায়ক ছিলেন স্প্যানিশ স্ট্রাইকার জেভিয়ার সিভেরিও। একসময় ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেললেও মাঝপথেই ছেঁটে ফেলা হয়েছিল তাঁকে। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সিভেরিওর গোলেই গোয়া পা রাখল এশিয়ার সেরা প্রতিযোগিতার মঞ্চে।
ড্র-ফল অনুযায়ী গ্রুপ ডি-তে এফসি গোয়ার প্রতিপক্ষ আল নাসর ছাড়াও রয়েছে আল জাওরা (ইরাক) এবং এফসি ইস্তিকলল (তাজিকিস্তান)। কিন্তু নজর থাকবে রোনাল্ডোর দল আল নাসরের বিরুদ্ধে ম্যাচের দিকেই। ভারতীয় ফুটবলের দর্শকরা আগে কখনও ভাবেননি, রোনাল্ডোর মতো বিশ্বফুটবলের কিংবদন্তিকে দেশের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে।
এফসি গোয়ার জন্য এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং গর্বের আসন। ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। গোয়ার মাঠে যখন রোনাল্ডোর মতো তারকা নামবেন, তখন ভারতীয় ফুটবলের নতুন স্বপ্নের সূচনা হবে।







