বিনোদন

‘ধুরন্ধর’-এর শুটিংয়ে ফের বিপত্তি! খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে একশো কলাকুশলী

রণবীর সিংয়ের আসন্ন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে শুরু থেকেই দর্শকের কৌতূহল তুঙ্গে। সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং মাধবনের মতো তারকাদের নিয়ে এই মেগাবাজেট সিনেমাটি মুক্তির আগেই শিরোনামে জায়গা করে নিয়েছে নানা বিতর্কে। কয়েক সপ্তাহ আগেই ছবির সেটে পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে নেটপাড়ায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছিল। এবার আবারও নতুন সমস্যার মুখে পড়ল ছবির টিম।

জানা গিয়েছে, লেহতে আউটডোর শুটিং চলাকালীন হঠাৎই প্রায় একশো কলাকুশলী অসুস্থ হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় ঘটে এই ঘটনাটি। কারও মাথা ঘোরা, কারও তীব্র বমি ও পেট ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে দ্রুত তাঁদের সজল নারবু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গণহারে খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। সকলকে চিকিৎসকের কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাঁরা। অভিজ্ঞ চিকিৎসকের কথায়,”একসঙ্গে এতজন অসুস্থ হওয়ায় প্রথমে হাসপাতাল প্রাঙ্গণে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে পুলিশ ও কর্মীদের তৎপরতায় পরিস্থিতি সামলে নেওয়া যায়।” স্থানীয় বাসিন্দারাও হাসপাতালে ভিড় জমালেও প্রশাসনের কড়া নজরদারির কারণে কোনো বিশৃঙ্খলা হয়নি।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত একটি গুপ্তচর থ্রিলার। শোনা যাচ্ছে, ছবিতে রণবীর সিংকে দেখা যাবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকায়। পাকিস্তানের মাটিতে ভারতীয় গোয়েন্দাদের দুঃসাহসী কর্মকাণ্ড নিয়েই ছবির কাহিনি আবর্তিত। তবে খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় আপাতত শুটিং কার্যত থমকে গেছে। মুক্তির আগেই একের পর এক বিপত্তি সত্ত্বেও ‘ধুরন্ধর’ নিয়ে দর্শকদের প্রত্যাশা অটুট। এখন দেখার, সব সমস্যাকে পেরিয়ে কবে আবার শুটিং শুরু করতে পারেন নির্মাতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.