রাজ্য

ট্রেনের ধাক্কায় মুহূর্তে শেষ হল তিনটি প্রাণ

সকালের নিয়মিত অভ্যাস ছিল হাঁটাহাঁটি। সেই অভ্যাসই কাল হয়ে দাঁড়াল তিন মহিলার জীবনে। সোমবার সকালে আসামের বোকোর বামুনিগাঁও রেলওয়ে স্টেশনের কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, মর্নিং ওয়াক সেরে ফেরার সময় লেভেল ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সেই সময় একইসঙ্গে দুটি ট্রেন ওই এলাকা অতিক্রম করে। এর মধ্যে গুয়াহাটিগামী একটি ট্রেন পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন মহিলার।

পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন চাতাবাড়ি গ্রামের বাসিন্দা—উত্তরা দাস (৫০), রুমি দাস (৩৫) এবং করবী মালি (৩৫)। আকস্মিক এই দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানিয়েছেন, দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে চারপাশে হাহাকার শুরু হয়।

উল্লেখ্য, সম্প্রতি কামাখ্যা–জোগিঘোপা রেললাইনে একাধিক দুর্ঘটনায় প্রায় ২০ জন প্রাণ হারিয়েছেন। নিয়মিত এমন মর্মান্তিক ঘটনা রেলপথের পাশে চলাচলকারী মানুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

এর আগে তামিলনাড়ুতেও ঘটেছিল অনুরূপ দুর্ঘটনা। স্কুলগামী ভ্যানকে ধাক্কা দেয় একটি প্যাসেঞ্জার ট্রেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পড়ুয়ার। গুরুতর আহত হন আরও কয়েকজন। বারবার এমন দুর্ঘটনা রেলক্রসিং এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.