নদিয়ার বেথুয়াডহরির এক ন’বছরের শিশু রক্ষা পেল মৃত্যুর মুখ থেকে। বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে প্রস্রাব করতে গিয়েই তার পায়ে হঠাৎ জ্বালা অনুভূত হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় শ্বাসকষ্ট, চোখের পাতা ভারী হয়ে আসে। প্রথমে স্থানীয় হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও তিনি কিছুই বুঝতে পারেননি। এরপর একের পর এক ঘুরতে হয় সাবডিভিশনাল হাসপাতাল, কৃষ্ণনগর হাসপাতাল, এমনকি কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজেও ভর্তি করা হয়। কিন্তু সেখানেও মেলে না পেডিয়াট্রিক ভেন্টিলেশনের সুযোগ।
শেষমেশ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা বুঝতে পারেন শিশুটি ভয়ংকর ‘রেসপিরেটরি প্যারালিসিস’-এর শিকার। দ্রুত ভেন্টিলেশনে দেওয়া হয় এবং প্রয়োগ করা হয় এভিএস (অ্যান্টি-ভেনম সিরাম)। চিকিৎসার পর বর্তমানে সুস্থ আছে ওই শিশু, যার নাম পরিবর্তিত করে ধরা হয়েছে আদিত্য।
চিকিৎসক ডা. সংযুক্তা দে জানিয়েছেন, ‘‘বাচ্চাটি আগে এভিএস পেলেও ডোজ যথেষ্ট ছিল না। তার পায়ে চারটি দাগ ছিল, অর্থাৎ অন্তত দু’বার কামড়েছিল সাপটি। বিষও ঢেলেছিল প্রচুর।’’
সর্প বিশেষজ্ঞদের মতে, শিশুটিকে যে কালাচ সাপ দংশন করেছিল তা প্রায় নিশ্চিত। কারণ বাংলায় সাপের মধ্যে কালাচ ও শাঁখামুটি নিউরোটক্সিন ছড়ায়, যা সরাসরি স্নায়ুতন্ত্রকে আঘাত করে। অন্যদিকে গোখরো বা চন্দ্রবোড়ার মতো সাপের বিষ সাইটোটক্সিন, যা কোষ ধ্বংস করে। ভারতে পাওয়া প্রায় ৩০০ প্রজাতির সাপের মধ্যে ৫০টি বিষধর। এর মধ্যে কালাচ, ফুরসা, চন্দ্রবোড়া ও গোখরোর কামড়েই দেশে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে।







