কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিলল রক্ষাকবচ। আপাতত তাঁর বিরুদ্ধে এফআইআর করতে পারবে না রাজ্য সরকার। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনই এফআইআর করার অনুমতি মিলল না। শুক্রবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আপাতত কোনও অন্তর্বর্তী পদক্ষেপে সামিল হতে পারবে না উচ্চ আদালত।
‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার আবেদন অতটা জরুরি নয়।’ এমনটাই জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিন সপ্তাহ পিছিয়ে গেল শুনানি। তিন সপ্তাহ পর উক্ত বেঞ্চে আবেদনের নির্দেশ। শুভেন্দুর বিরুদ্ধে মামলা করা যাবে না, নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য আবেদন করেছিল শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট সেই মামলা গতকালই ফেরত পাঠায় হাইকোর্টে।
উল্লেখ্য, গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সরকারের করা ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সঙ্গে বিচারপতি রাজশেখর মান্থা জানান, শুভেন্দুর বিরুদ্ধে এর পর থেকে কোনও মামলা করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে।







